চিকিৎসকের আন্তরিক উপদেশ ও সদয় ব্যবহার রোগীর জন্য ওষুধের মতোই: প্রধানমন্ত্রী

হেলথ ইনফো ডেস্ক :
চিকিৎসকের আন্তরিক উপদেশ ও সদয় ব্যবহার রোগীর জন্য ওষুধের মতোই কাজ করে বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিকিৎসা পেশাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে করে চিকিৎসকদের মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

 

আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইউএইচএফপিওদের নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা চিকিৎসকগণ, রোগে-শোকে কাতর মানুষটির পরম বন্ধু হয়ে উঠেন। চিকিৎসকগণ সত্যিকারার্থে মানুষের বিপদের বন্ধু। এটি আমি আমার নিজের ঘর দিয়ে বলতে পারি। একজন চিকিৎসকের উপদেশ, আন্তরিক ব্যবহার, একজন রোগীর কাছে প্রায় সব সময় ওষুধের মতো কাজ করে। ফলে একজন চিকিৎসকের জন্য পেশাগত উৎকর্ষতার পাশাপাশি একজন মানবিক মানুষ হিসেবেও গড়ে ওঠা অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত জরুরি। যে কোনো শ্রেণী-পেশার মানুষের চেয়ে চিকিৎসা পেশা সবেচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ।

 

এর আগে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ইউএইচএফপিওরা বলেন, ‘উপজেলা পর্যায়ে লাইসেন্সবিহীন অবৈধ ডায়াগনোস্টিক সেন্টার, ক্লিনিক হাসপাতাল ও ওষুধের দোকানে ইউএইচএফপিওগণকে প্রায়শ অভিযান চালাতে হয়। তাই জনগণের স্বাস্থ্যসেবার মান ঠিক রাখতে এই সকল অভিযান পরিচালনার জন্য ইউএইচএফপিওদেরকে প্রয়োজনীয় প্রশাসনিক ক্ষমতা বা আইন প্রয়োগের ক্ষমতা প্রদান করা দরকার।

 

এ সময় কলাপাড়ার ইউএইচএফপিও ডা. শংকর প্রসাদ অধিকারীর দুর্ঘটনার তথ্য তুলে ধরলে প্রধানমন্ত্রী এ ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, ‘ইউএইচএফপিওর দুর্ঘটনায় নিপতিত হওয়া অত্যন্ত দুঃখজনক। ওই সময় ‍উনার মাথায় যদি হেলমেট থাকতো, বিষয়টি অত গুরুতর না-ও হতে পারে পারতো। একজন স্বাস্থ্যকর্মী হিসেবে এই বিষয়টা যদি আপনি অনুসরণ করেন, তাহলে অন্যদেরকেও বলতে পারবেন। এটা একটি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ। তাই নয় কি?’

Comments (০)
Add Comment