হেলথ ইনফো ডেস্ক :
দেশের জনগণের সামাজিক নিরাপত্তা, কৃষি ও স্বাস্থ্যখাতে বিশেষ গুরুত্ব দিয়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের পরে এবার হেলথ কার্ড চালুর পরিকল্পনা করছে সরকার। এ ছাড়া স্বাস্থ্যখাতে আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ বৃদ্ধি করার কথাও ভাবছে ক্ষমতাসীনরা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এক লোকজ মেলার উদ্বোধনকালে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
মন্ত্রী জানান, নতুন বছরে দেশকে আরো এগিয়ে নেয়ার প্রত্যাশা রয়েছে সরকারের। এ সময় কৃষক কার্ড বিতরণের পাশাপাশি আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড চালুর পরিকল্পনা রয়েছে।
এর আগে বুধবার (১১ মার্চ) জাতীয় ই-হেলথ আইডি বাস্তবায়নের প্রস্তুতি পর্যালোচনা বিষয়ক উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী কর্মশালায় সরদার সাখাওয়াত হোসেন বলেন, ই-হেলথ আইডি স্বাস্থ্যখাতে একটি মৌলিক পরিচয় কাঠামো হিসেবে কাজ করবে। এর ফলে বিভিন্ন স্বাস্থ্যসেবা ব্যবস্থায় একজন ব্যক্তিকে নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হবে এবং হাসপাতাল, ক্লিনিক ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে চিকিৎসা সংক্রান্ত তথ্য নিরাপদভাবে বিনিময়ের সুযোগ তৈরি হবে।
তিনি আরও বলেন, হামের প্রাদুর্ভাব রোধে ৩০টি উপজেলা ও সিটি করপোরেশনে টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে। আগামী ২০ তারিখ থেকে সারাদেশে শিশুদের হামের টিকা ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ইতোমধ্যে হামের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে এবং মৃত্যুহারও কমেছে। আশা করা হচ্ছে, দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি আরো উন্নত হবে।
এর আগে বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়াসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে মেলার আয়োজন করা হয়।