Wednesday, July 1, 2026
Google search engine
Homeজাতীয়দেশে টিভি, অ্যাপস ও সোশ্যাল মিডিয়ায় ধূমপান-তামাকজাত দ্রব্য প্রচারে নিষেধাজ্ঞা

দেশে টিভি, অ্যাপস ও সোশ্যাল মিডিয়ায় ধূমপান-তামাকজাত দ্রব্য প্রচারে নিষেধাজ্ঞা

হেলথ ইনফো ডেস্ক :

দেশে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে বিদ্যমান আইনকে আরও কঠোর করতে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬’ শিরোনামে নতুন সংশোধিত আইন পাস হয়েছে সংসদে। আইনটি অবিলম্বে কার্যকর করার লক্ষ্যে দেশের সকল গণমাধ্যম, ওটিটি প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়ার প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (৩০ জুন) তথ্য অধিদপ্তর (পিআইডি) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘২০০৫ সালের মূল আইনটিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে চলতি বছরের ১০ এপ্রিল জাতীয় সংসদে এই সংশোধিত আইনটি পাস করা হয়। সংশোধিত এই আইনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, ইন্টারনেট, ওটিটি প্ল্যাটফর্ম, অ্যাপস, সিনেমা, নাটক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তামাক বা তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচার ও প্রদর্শন সংক্রান্ত কঠোর বিধান রাখা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আইনের ০৫ ধারার (গ) দফা অনুযায়ী, কোনো প্রেক্ষাগৃহে, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়, ইন্টারনেট, মাধ্যম, ওয়েবসাইট, ওয়েবপেইজ, ইলেকট্রনিক মেইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তামাক বা তামাকজাত দ্রব্য-সম্পর্কিত কোনো বিজ্ঞাপন প্রচার করা যাবে না।’

এতে আরও উল্লেখ হয়, ‘আইনের ০৫ ধারার (ঙ) দফা অনুযায়ী, বাংলাদেশে প্রস্তুতকৃত বা লভ্য ও প্রচারিত, কিংবা বিদেশে প্রস্তুতকৃত কোনো সিনেমা, নাটক বা প্রামাণ্য চিত্রে তামাকজাত দ্রব্য ও ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ব্যবহারের দৃশ্য এবং তামাকজাত দ্রব্য বা দ্রব্যের মোড়ক টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, ওটিটি প্ল্যাটফর্ম, অ্যাপস, মঞ্চ অনুষ্ঠান বা অন্য কোনো গণমাধ্যমে প্রচার, প্রদর্শন বা বর্ণনা করা যাবে না।’

এ ছাড়া জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল থেকে বিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনুরোধ জানিয়ে বলা হয়েছে, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬-এর বিধানসমূহের কার্যকর বাস্তবায়ন নিশ্চিতকল্পে সরকারি ও বেসরকারি সকল টেলিভিশন চ্যানেল, রেডিও, সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টালসহ সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকে তামাকজাত দ্রব্যের কোনো প্রকার বিজ্ঞাপন প্রচার না করার জন্য এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সমিতি বা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে তামাকজাত দ্রব্য ব্যবহারের কোনো দৃশ্য না রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments