হেলথ ইনফো ডেস্ক :
সারাদেশে অনেক স্বাস্থ্য অবকাঠামো নির্মিত হলেও সেখানে এখনো চিকিৎসাসেবা চালু হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, ‘নরসিংদীর ১৫০ শয্যার হাসপাতালটি নির্মিত হলেও তা এখনো চালু হয়নি। এ ধরনের যেসব অবকাঠামো রয়েছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে সচল করব। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নতুন অবকাঠামোও নির্মাণ করা হবে।’
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলায় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
স্বাস্থ্যসেবাকে নিরবচ্ছিন্ন ও সহজতর করতে চিকিৎসকদের বদলি ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, তিনি বলেন, চিকিৎসকদের যদি তাদের পছন্দের জায়গায় পোস্টিং দেওয়া যায়, তবে স্বাস্থ্যসেবার মান বাড়বে বলে আমি মনে করি। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।
পাশাপাশি কর্মকর্তাদের জবাবদিহিতার বিষয়ে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, সিভিল সার্জনদের শুধু অফিসে বসে থাকলে চলবে না; মাঠপর্যায়ে পরিদর্শনে যেতে হবে। ডাক্তারসহ সব কর্মকর্তা-কর্মচারীকে সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।
দেশের স্বাস্থ্য খাতে জনবলসংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে মন্ত্রী জানান, যেখানে যে পদের প্রয়োজন, তা দ্রুত পূরণ করা হবে। বিশেষ করে কমিউনিটি ক্লিনিকগুলোতে পর্যাপ্ত জনবল দিয়ে সচল রাখা হবে, যাতে গ্রামীণ মায়েরা প্রাথমিক সেবা নিতে পারেন। এ সময় তিনি মায়েদের স্তন ক্যান্সার সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সরকারি সব দপ্তরের কর্মকর্তারা।