Take a fresh look at your lifestyle.

কলাপাড়ায় দায়িত্ব পালনে আহত ডা. শংকরের চিকিৎসার ভার নিল সরকার

৪৭

 

হেলথ ইনফো ডেস্ক :
দায়িত্ব পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পটুয়াখালীর কলাপাড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শংকর প্রসাদ অধিকারীর চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন মঙ্গলবার রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ডা. শংকরকে দেখতে গিয়ে এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দায়িত্ব পালন করতে গিয়ে একজন দক্ষ চিকিৎসক দুর্ঘটনায় আহত হওয়ায় আমরা গভীরভাবে মর্মাহত। প্রধানমন্ত্রীর নির্দেশে তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব সরকার নিয়েছে। এখন পর্যন্ত যে ব্যয় হয়েছে এবং সামনে যে ব্যয় হবে, সবই সরকার বহন করবে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যবস্থাও করা হবে।

হাসপাতালে এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্ত্রী আহত চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা ডা. শংকরকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গত ১২ এপ্রিল মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন ডা. শংকর প্রসাদ অধিকারী। প্রথমে পটুয়াখালী ও পরে বরিশালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। ওই রাতেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়।

 

Leave A Reply

Your email address will not be published.