Take a fresh look at your lifestyle.

হাসপাতালে এসে সেবা নেওয়ার দুই দিন পর চিকিৎসকের ওপর স্বজনদের হামলা, আটক ২

৬৬

হেলথ ইনফো ডেস্ক :
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে এক চিকিৎসককে মারধরের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।

তিনি জানান, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে জিমি আক্তার নামে এক রোগীকে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ তুলে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সঞ্জয় কুমার রায়কে দুই দফায় মারধর করেন বেলাল হোসেন ও নয়ন নামে দুই ব্যক্তি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আশরাফুল বলেন, এ ঘটনায় গত ১৭ এপ্রিল ওই দুই ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও বিশ্বস্ত সূত্রের সহায়তায় শনিবার সকালে রংপুর থেকে তাদের আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানানো হয়। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, ছড়িয়ে পড়া প্রায় ৫০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, জরুরি বিভাগে বসে রোগীর ব্যবস্থাপত্র লিখছিলেন ডা. সঞ্জয় কুমার রায়। এ সময় সেখানে উপস্থিত নার্স, হাসপাতালের কর্মী ও রোগীর স্বজনদের সামনে পেছনের দরজা দিয়ে প্রবেশ করে দুই ব্যক্তি তাকে মারধর ও গালাগাল করেন।

জানা গেছে, গত মঙ্গলবার সদর উপজেলার ঝিটকিখুরা এলাকার আরাফাত ইসলামের স্ত্রী জিমি আক্তার (১৮) টয়লেট ক্লিনার পান করে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর দুই দিন পর বৃহস্পতিবার বিকেলে রোগীর স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ তুলে জরুরি বিভাগে অবস্থানরত ডা. সঞ্জয়ের ওপর হামলা চালান। পরে সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে থানায় অভিযোগ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.