Monday, June 29, 2026
Google search engine
Homeজানা অজানাশেবাচিমে দুই দফা দাবিতে ডেন্টাল শিক্ষার্থীদের বিক্ষোভ

শেবাচিমে দুই দফা দাবিতে ডেন্টাল শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :
অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা। মানববন্ধনে তারা দীর্ঘদিনের নানা সংকটের কথা তুলে ধরে দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

আজ শনিবার (২৭ জুন) দুপুরে শেবাচিম ক্যাম্পাসে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিডিএস শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ডেন্টাল ইউনিটে অনুমোদিত ৫২টি শিক্ষক পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১১ জন শিক্ষক। ফলে প্রায় ৭৪ শতাংশ শিক্ষক পদ শূন্য রয়েছে। এই সীমিত সংখ্যক শিক্ষক দিয়েই একাডেমিক ও ক্লিনিক্যাল কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা শিক্ষার মান বজায় রাখার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ সৃষ্টি করছে।

তারা বলেন, দেশের অন্যান্য ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে স্বতন্ত্র ভবন থাকলেও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের জন্য এখনো আলাদা ভবন নির্মাণ করা হয়নি। বর্তমানে পাঁচটি ব্যাচের শিক্ষার্থীদের জন্য মাত্র একটি শ্রেণিকক্ষ ব্যবহৃত হচ্ছে, ফলে স্বাভাবিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষক সংকটের কারণে বিদ্যমান শিক্ষকদের ওপর অতিরিক্ত কাজের চাপ সৃষ্টি হয়েছে। ফলে তারা অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রয়োজনীয় একাডেমিক ও ক্লিনিক্যাল সহায়তা যথাযথভাবে দিতে পারছেন না। এতে শিক্ষক ও শিক্ষার্থী উভয় পক্ষকেই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

তারা আরও বলেন, ‘এ অবস্থায় আমরা কীভাবে মানসম্মত ও পূর্ণাঙ্গ শিক্ষা লাভ করব, সেটিই আমাদের প্রধান প্রশ্ন। এই সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করার লক্ষ্যে আমরা শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করেছি। বরিশাল অঞ্চলে ডেন্টাল চিকিৎসাসেবার অন্যতম প্রধান কেন্দ্র হলো শেবাচিম ডেন্টাল ইউনিট। এখান থেকেই ভবিষ্যতের দন্তচিকিৎসকরা গড়ে উঠবেন। কিন্তু পর্যাপ্ত শিক্ষক না থাকলে সেই লক্ষ্য অর্জন করা কঠিন। বর্তমানে মাত্র ১১ জন শিক্ষকের পক্ষে ১০টি বিভাগের পাঠদান ও একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা বাস্তবসম্মত নয়।

অবিলম্বে সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহনের আহ্বান জানিয়ে তারা বলেন, ‘জনসাধারণকে মানসম্মত চিকিৎসাসেবা দিতে হলে আগে আমাদের দক্ষ ও যোগ্য চিকিৎসক হিসেবে গড়ে উঠতে হবে। আর সে জন্য প্রয়োজন পর্যাপ্ত শিক্ষক, অবকাঠামো ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা।

মানববন্ধনে বক্তারা শিক্ষক নিয়োগ, শূন্য পদ পূরণ এবং ডেন্টাল ইউনিটের জন্য পৃথক ভবন নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments