হেলথ ইনফো ডেস্ক :
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) আনসাররা দালালদের সহযোগী এবং তারা নিজেও দালাল বলে জানিয়েছেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক নজরুল ইসলাম। পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তার জন্য সরকারের আনসার নিয়োগের নতুন উদ্যোগ কার্যকরী হবে না বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিএমইউর ডা. মিল্টন হলে চিকিৎসা সপ্তাহ ২০২৬ এর আয়োজন করা হয়।
গত ১৮ এপ্রিল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইউএইচএফপিওদের নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনে প্রধান অতিথি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অধ্যাপক নজরুল ইসলাম বলেন, সেদিন ইউএইচএফপিওদের সম্মেলনে দাবিনামা পেশ করার সময় যখন চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা সমস্যা উত্থাপিত হলো, চিকিৎসকের করতালি দেখে দাবি উত্থাপনকারীকে থামিয়ে দিলেন প্রধানমন্ত্রী। চিকিৎসকদের প্রশ্ন করলেন আপনারা এতো তালি দিলেন কেন? চিকিৎসকরা উত্তর দিলেন, ‘আমাদের নিরাপত্তার ইস্যু’। এর মানে, পুরো প্রোগ্রামের মধ্যে চিকিৎসকদের নিরাপত্তার সমস্যা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর এই সমস্যার সমাধান যেভাবে করা হয়েছে, তাতে মনে হয় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।
ইউএইচএফপিও সম্মেলনে আনসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সমাধানটি মোটেও পছন্দ হয়নি জানিয়ে অধ্যাপক নজরুল বলেন, ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনসারদের নিয়ে সত্যিই আমরা ত্যক্ত-বিরক্ত। আনসাররা দালালদের সহযোগী এবং তারা নিজেরাও দালাল। সারাদিন তারা এই কাজেই ব্যস্ত থাকে।
তিনি উদাহরণ টেনে বলেন, ‘আমরা সকাল ৮টার আগে হাসপাতালের ভিতরে ঢুকতে পারি না। গেটের সামনে বাস দাঁড়িয়ে থাকে অথচ সেখানে চারজন দাঁড়িয়ে কথা বলছে—এটা শুধু ‘গুড ফর নাথিং’। চিকিৎসকদের নিরাপত্তার জন্য বিশাল একটা অংশ নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু আনসারদের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত হবে না।
তিনি আরও বলেন, ‘হাসপাতালের নিরাপত্তা তো দূরের কথা, চিকিৎসকদের নিরাপত্তা আরও ঝুঁকির মধ্যে পড়বে। এতে শুধু দালালি বাড়বে, আর চিকিৎসকদের পেশাগত মান আরও ক্ষতিগ্রস্ত হবে।