Take a fresh look at your lifestyle.

আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ আইন পাস করা হবে: তথ্যমন্ত্রী

৫৫

হেলথ ইনফো ডেস্ক :
নিবা‍র্চনী প্রতিশ্রুতি পূরণে আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাস করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (৯ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট‍্যশালা সেমিনার রুমে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ: সরকারের সাফল্য, প্রতিশ্রুতি ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

গোলটেবিল বৈঠকে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই ঘটে হৃদরোগ, ক্যানসারসহ বিভিন্ন অসংক্রামক রোগে, যার অন্যতম প্রধান কারণ তামাক ব্যবহার। বর্তমান সরকারি দল তাদের নির্বাচনী ইশতেহারে তামাক ব্যবহারজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইনি উদ্যোগ গ্রহণের সুস্পষ্ট প্রতিশ্রুতি প্রদান করেছে, যা অত্যন্ত সময়োপযোগী।

জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি আইন হিসেবে পাস করা হলে তামাক ব্যবহারজনিত অসংক্রামক রোগের প্রকোপ এবং সরকারের স্বাস্থ্য ব্যয় কমবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, নিবা‍র্চনী প্রতিশ্রুতি পূরণে আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাস করা হবে। পরে আইনটির বাস্তবায়নেও তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবধরনের সহায়তা প্রদান করা হবে।

দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার বলেন, তামাক নিয়ন্ত্রণে শক্তিশালী আইনের বিকল্প নেই।

জনপ্রত্যাশা পূরণে অধ্যাদেশটি যথাসময়ে আইন হিসেবে পাসের দাবি জানাচ্ছি।

চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে গণমাধ্যম শক্তিশালী ভূমিকা পালন করছে, এটা চলমান রাখতে হবে।

অনলাইন সংবাদমাধ্যম চরচা সম্পাদক সোহরাব হাসান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের উচিত হবে অধ্যাদেশটি হুবহু আইন হিসেবে পাস করা।

তামাক ব্যবহারের ফলে ক্যান্সারে আক্রান্ত ভুক্তভোগীদের অভিজ্ঞতা বিনিময় পর্বটি পরিচালনা করে বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক বলেন, আমরা এই অসহায় মানুষদের কণ্ঠস্বর তুলে ধরলাম।

সরকারের কাছে আমাদের প্রত্যাশা এই আর্তনাদ যেন আর শুনতে না হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আত্মার কনভেনর মর্তুজা হায়দার লিটন ও প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরসহ বিভিন্ন তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

আত্মার কো-কনভেনর নাদিরা কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞার তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রকল্প প্রধান হাসান শাহরিয়ার।

Leave A Reply

Your email address will not be published.