স্টাফ রিপোর্টার:
শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. নাসিরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউএইচএফপিও (UHFPO) ফোরাম অব বাংলাদেশ। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মে রাতে শরীয়তপুর সদর হাসপাতালে হার্ট অ্যাটাকে আক্রান্ত এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ডা. নাসিরের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়। এ ধরনের ঘটনায় চিকিৎসকদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে আইন নিজের হাতে তুলে নিয়ে চিকিৎসকদের ওপর হামলা চালানো সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও দণ্ডনীয় অপরাধ। হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হলে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
ইউএইচএফপিও ফোরাম অব বাংলাদেশ হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দ্রুত আনসার সদস্য নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সংগঠনটির নেতারা জানান, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে ইউএইচএফপিও ফোরাম অব বাংলাদেশ।
প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি ডা. মঞ্জুর আল মুরশেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক ডা. আব্দুল মুনেম সাদ স্বাক্ষর করেন।
(প্রেস বিজ্ঞপ্তি)


