Monday, May 18, 2026
Google search engine
Homeঅপরাধবরিশালের বেলভিউ হাসপাতালের সেবাব্যবস্থা নিয়ে প্রশ্ন, শিশু আইসিইউ ঘিরে নানা অভিযোগ

বরিশালের বেলভিউ হাসপাতালের সেবাব্যবস্থা নিয়ে প্রশ্ন, শিশু আইসিইউ ঘিরে নানা অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :
বরিশালের বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বেলভিউ হাসপাতালের সেবাব্যবস্থা ও শিশু আইসিইউ পরিচালনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সম্প্রতি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) এক চিকিৎসক দম্পতির নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালটির বিরুদ্ধে অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা এবং রোগীসেবায় গাফিলতির অভিযোগ সামনে আসে।
অভিযোগকারী চিকিৎসক দম্পতি দাবি করেন, নবজাতকটি হাসপাতালে ভর্তি থাকার সময় যথাযথ চিকিৎসাসেবা না পাওয়ার পাশাপাশি হাসপাতালের কিছু স্টাফের দুর্ব্যবহারেরও শিকার হন তারা। এ ঘটনায় চিকিৎসক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরেই হাসপাতালটির সেবার মান নিয়ে নানা অভিযোগ রয়েছে। বিশেষ করে শিশু আইসিইউ কার্যক্রম নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন অনেক ভুক্তভোগী ও সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে, শেবাচিমে কর্মরত চিকিৎসক ডা. আশিষ বেলভিউ হাসপাতালে একটি শিশু আইসিইউ পরিচালনা করলেও সেখানে প্রয়োজনীয় জনবল ও আধুনিক সুবিধার ঘাটতি রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আইসিইউতে সার্বক্ষণিক শিশু বিশেষজ্ঞ উপস্থিত থাকেন না। রাতের বেলায় জরুরি পরিস্থিতিতে চিকিৎসককে অনেক সময় ফোনেও পাওয়া যায় না বলে অভিযোগ রয়েছে। এতে সংকটাপন্ন নবজাতক ও শিশু রোগীদের চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় এবং রোগীর স্বজনদের মধ্যে উদ্বেগ বাড়ে।
এছাড়া হাসপাতালটির বিরুদ্ধে অতিরিক্ত বিল আদায়, সেবার মানহীনতা এবং ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগও রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাসপাতালটিকে জরিমানাও করা হয়েছিল। তবে এরপরও সেবার মানে দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি বলে অভিযোগ উঠেছে।

সচেতন মহল বলছে, একটি হাসপাতাল বিশেষ করে শিশু ও নবজাতকের নিবিড় পরিচর্যা ইউনিট পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা জরুরি। অন্যথায় রোগীর জীবন ঝুঁকিতে পড়তে পারে।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে স্বাস্থ্য বিভাগের কার্যকর তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments