হেলথ ইনফো ডেস্ক :
হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় দায়িত্বরত চিকিৎসক, নার্স ও জরুরি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
যেসব হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা ভর্তি আছে, সে হাসপাতালগুলোতে ঈদের ছুটির মধ্যে চিকিৎসকরা থাকবেন কি-না, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম রোগীদের চিকিৎসা সেবায় দায়িত্বরত কোনো ডাক্তার ও নার্সের ঈদের ছুটি হবে না।
এ বিষয়ে ইতোমধ্যে নির্দেশনা জারি করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা জরুরি, তাই সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের দায়িত্বে থাকতে হবে।
তিনি আরও বলেন, টিকা নিলেই শতভাগ সুরক্ষা নিশ্চিত হয় না। কিছু ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি থেকেই যায়, বিশেষ করে ভাইরাস ছড়িয়ে পড়লে।
তিনি বলেন, আক্রান্ত শিশুদের বড় জমায়েত বা আত্মীয়স্বজনের বাড়িতে না নেওয়ার অনুরোধ করা হয়েছে। কারণ ঘন সংস্পর্শে রোগ ছড়ানোর ঝুঁকি বেশি। ঈদে জনসমাগম ও যাতায়াতের কারণে সংক্রমণ বাড়ার সম্ভাবনাও থাকতে পারে।


