হেলথ ইনফো ডেস্ক :
প্রতিপক্ষের হামলার শিকার এক যুবকের চোয়াল বেধ করে ঘাড় স্পর্শ করা টেঁটা সফল অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা। আহত যুবকের নাম জীবন মিয়া (২১)। তিনি সিলেটের হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বৃহস্পতিবার (২১ মে) ঢামেকে আনার পর জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে দিবাগত রাত তিনটার দিকে অটোরাইনোল্যারিংগোলজি (ইএনটি) ও নিউরোসার্জারি বিভাগের যৌথ অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরে বিদ্ধ টেঁটা অপসারণ করা হয়।
অস্ত্রোপচার টিমে থাকা ইএনটি বিভাগের ডা. রাশীদ আনজুম অনিক আজ শুক্রবার (২২ মে) মেডিভয়েসকে বলেন, রোগীকে হাসপাতালে আনার পর এক্স-রে ও সিটি স্ক্যানের মাধ্যমে টেঁটাটির অবস্থান নির্ণয় করা হয়। টেঁটাটি বেস অব স্কাল পর্যন্ত পৌঁছে যাওয়ায় জটিলতার আশঙ্কা ছিল। পাশাপাশি মুখের ভেতরে কাটা স্থানে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। পরিস্থিতি বিবেচনায় দ্রুত নিউরোসার্জারি ও এনেস্থেসিয়া বিভাগের মতামত নিয়ে যৌথভাবে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
নিউরোসার্জারি বিভাগের ডা. জুবায়ের জানান, টেঁটাটি বেস অব স্কাল ও ফোরামেন ম্যাগনাম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এতে স্পাইনাল কর্ড ও গুরুত্বপূর্ণ স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি ছিল। তবে চিকিৎসকদের সমন্বিত প্রচেষ্টায় রাত তিনটার দিকে বড় ধরনের কোনো জটিলতা ছাড়াই সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা সম্ভব হয়।
অস্ত্রোপচার টিমে আরও ছিলেন নিউরোসার্জারি বিভাগের ডা. আতাহার, ডা. আসাদ ও ডা. অবন্তী। এনেস্থেসিয়ার দায়িত্বে ছিলেন কনসালটেন্ট ডা. ইফতেখার আহমেদ ও ডা. মেহেদী। পুরো চিকিৎসা কার্যক্রমে তত্ত্বাবধানে ছিলেন নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও ভায়োলেট ইউনিটের প্রধান ডা. কানিজ ফাতিমা ইসরাত জাহান রিফাত।
পরিবার সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে জীবন মিয়া ও তার পরিবারের ওপর হামলা চালায়। এতে জীবন মিয়া, তার ভাইসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে জীবন মিয়াকে হবিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
রোগীর চাচা আলম মিয়া জানান, তিন দিন আগে একটি মামলাকে কেন্দ্র করে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে জীবন মিয়ার বাড়িতে হামলা চালায়। এতে পরিবারের কয়েকজন সদস্য আহত হন এবং জীবন মিয়ার চোয়ালে টেঁটা বিদ্ধ হয়।
সুত্র : মেডিভয়েস


