Take a fresh look at your lifestyle.

চিকিৎসক, রোগী সুরক্ষা আইন ও প্রাইভেট মেডিকেলের নীতিমালা প্রণয়ন জরুরি : ডা. ফরহাদ হালিম

১১০

হেলথ ইনফো ডেস্ক :
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বিগত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমাদের সামনে এখন তিনটি কাজ বাকি আছে। একটি হচ্ছে চিকিৎসক সুরক্ষা আইন, এটি নিয়ে ইতোমধ্যে ড্যাবের নেতারা কাজ করছেন। দ্বিতীয়টি রোগী সুরক্ষা আইন। একইসঙ্গে প্রাইভেট মেডিকেলে কর্মরতদের জন্য একটি নীতিমালা প্রণয়নও জরুরি।

তিনি বলেন, সবাইকে সরকারের নীতিমালা মেনে কাজ করতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত হয়ে রোগীর সেবা নিশ্চিত করতে হবে। নীতিমালার বাইরে কোনো কার্যক্রমকে ড্যাব কখনো সমর্থন করবে না।

শুক্রবার (৬ মার্চ) চট্টগ্রাম নগরের একটি কনভেনশন সেন্টারে ড্যাব চট্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, এ দেশে যারা চিকিৎসা সেবা দেন, তাদের প্রায় ৭০ শতাংশই কোনো না কোনোভাবে প্রাইভেট মেডিকেলের সঙ্গে যুক্ত। আমরা যারা সরকারি চাকরিতে আছি, তারাও অবসরের পর প্রাইভেট মেডিকেলে কাজ করি। পাশাপাশি নতুন যেসব চিকিৎসক প্রাইভেট মেডিকেলে যোগ দিচ্ছেন, তারা যেন একটি সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে থেকে কাজ করতে পারেন, সে বিষয়ে উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেক কথা বলা হলেও প্রকৃত অর্থে বাংলাদেশের জনগণই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করেছে। গত ১৬ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। গত ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিএনপিকে ক্ষমতায় এনেছে। সেদিন মানুষ ভোট দিয়ে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এই অধিকার প্রতিষ্ঠা করেছেন।

তিনি আরও বলেন, এখন যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলছেন, মূলত তাদের জন্যই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা ভাবনা করা হয়েছিল। এজন্য আমরা ডিসি বদলিও দেখেছি, আরও অনেক কিছু দেখেছি। মহান রাব্বুল আলামিনের রহমতে তারেক রহমানের নেতৃত্বে দেশ চলছে এবং তিনি কীভাবে দেশ পরিচালনা করছেন তা ইতোমধ্যে সবাই দেখেছে।

ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব ডা. বেলায়েত হোসেন ঢালীর পরিচালনায় এতে বক্তব্য দেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।

সূত্র : ঢাকা পোস্ট

Leave A Reply

Your email address will not be published.