হেলথ ইনফো ডেস্ক :
নতুন বছরে দেশকে আরো এগিয়ে নেয়ার লক্ষ্যে স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নের জন্য আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এক লোকজ মেলার উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, নতুন বছরে দেশকে আরো এগিয়ে নেয়ার প্রত্যাশা রয়েছে সরকারের। এ সময় কৃষক কার্ড বিতরণের পাশাপাশি আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। জনগণের কল্যাণে কৃষিঋণ মওকুফ, দুস্থদের জন্য বিশেষ বরাদ্দ, টিআর-কাবিখা কর্মসূচি এবং খাল খননসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, হামের প্রাদুর্ভাব রোধে ৩০টি উপজেলা ও সিটি করপোরেশনে টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে। আগামী ২০ তারিখ থেকে সারাদেশে শিশুদের হামের টিকা ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ইতোমধ্যে হামের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে এবং মৃত্যুহারও কমেছে। আশা করা হচ্ছে, দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি আরো উন্নত হবে।
এর আগে বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে মেলার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়াসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।