এনআইসিআরএইচের উপ পরিচালকের ওপর হামলা জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

হেলথ ইনফো ডেস্ক :
জাতীয় ক্যানসার হাসপাতালের (এনআইসিআরএইচ) উপ-পরিচালক ডা. আহমেদ হোসেনকে কুপিয়ে জখমের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আহত চিকিৎসককে দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, টেন্ডারসহ সংশ্লিষ্ট যেকোনো বিষয় খতিয়ে দেখে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে ক্যানসার হাসপাতালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালটির উপ-পরিচালক ডা. আহমেদ হোসেন (৫০) অফিস শেষে বাসায় ফেরার পথে পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে হামলার শিকার হন। অজ্ঞাতনামা ২–৩ জন ব্যক্তি তাঁর ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাস্থলে বনানী থানা-পুলিশ উপস্থিত রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Comments (০)
Add Comment