হেলথ ইনফো ডেস্ক :
কর্তৃপক্ষের ইতিবাচক অবস্থান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসে হোস্টেল ফেরতের দাবিতে চলমান কর্মবিরতি স্থগিত করেছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
আন্দোলনরতদের পক্ষে ইন্টার্ন চিকিৎসকদের অন্যতম সমন্বয়ক ডা. মেহেদি হাসান রনি আজ বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, ‘আমাদের দাবি-দাওয়া মেনে নেওয়ার ব্যাপারে যেহেতু প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক অবস্থান নিয়েছে। একই সঙ্গে তারা এ ব্যাপারে আশ্বাস দিয়েছেন। এ অবস্থায় আমাদের সিদ্ধান্ত হলো, আমরা শনিবার থেকে ডিউটিতে যাবো। তবে আমাদের একটা পর্যবেক্ষণ থাকবে, প্রশাসন যে আশ্বাস দিয়েছে, তা বাস্তবায়ন হচ্ছে কিনা, ইতিবাচক পদক্ষেপ না দেখলে আমরা আবার নতুন করে কর্মসূচিতে যাবো।
এদিকে ইন্টার্ন ডক্টরস কমিটি ২০২৬-এর পক্ষ থেকে আজ বুধবার এক ঘোষণায় বলা হয়েছে, ‘ইন্টার্ন চিকিৎসকদের আবাসন সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যার প্রেক্ষিতে উত্থাপিত দাবিসমূহ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিবাচক অবস্থান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসের প্রেক্ষিতে গৃহীত কর্মসূচি আপাতত স্থগিত রাখা হচ্ছে।
তারা বলেন, ‘শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ দিবস ২০২৬ উপলক্ষে হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে ৭ মে ২০২৬ তারিখে সকল ইন্টার্নদের ছুটি মঞ্জুর করা হয়েছে। ছুটি শেষে ৮ মে ২০২৬ তারিখ হতে সকল ইন্টার্ন যথারীতি দায়িত্বে যোগদান করবে।
‘তবে উল্লেখ্য যে, ইন্টার্ন চিকিৎসকদের আবাসন সংক্রান্ত দাবিসমূহের কার্যকর ও সময়োপযোগী বাস্তবায়ন আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবো। নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে, ইন্টার্ন ডক্টরস কমিটি ২০২৬ পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি গ্রহণ করতে বাধ্য থাকবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত একটি টেকসই ও সন্তোষজনক সমাধান নিশ্চিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
ইন্টার্ন হোস্টেলে আবাসন সংকট ও নারী ইন্টার্নদের নিরাপত্তার দাবিতে গত ৩ মে থেকে কর্মবিরতিতে শুরু করেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
তারা বলেন, ‘২০২৪ সালের আগস্ট পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন হোস্টেলে সামরিক বাহিনী প্রায় দুই বছর যাবৎ অবস্থানরত। এ কারণে বর্তমানে ইন্টার্নসহ সকল শিক্ষার্থীদের জন্য তীব্র আবাসন সংকট সৃষ্টি হয়েছে, যা আমাদের স্বাভাবিক ও নিরাপদ বসবাসকে ব্যাহত করছে। বিশেষ করে নারী ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা হয়েছে বাধাগ্রস্ত।
তারা বলেন, ‘একাধিকবার হাসপাতাল প্রশাসন ও সামরিক বাহিনীর প্রতিনিধিত্বের সাথে আলোচনার পরও অদ্যাবধি কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
দ্রুততম সময়ে হোস্টেল দখলমুক্ত করে শিক্ষার্থীদের অনুকূলে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।
একই দাবিতে সোমবার (৪ মে) মানববন্ধন ও প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন তারা। চিঠিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলা হয়, ‘অত্যন্ত হতাশার সঙ্গে বলতে হচ্ছে আমাদের ইন্টার্ন হোস্টেল বর্তমানে সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহৃত হচ্ছে, ফলে ইন্টার্ন চিকিৎসকদের জন্য কোনো আবাসন ব্যবস্থা অবশিষ্ট নেই। আমরা কার্যত বাসস্থানহীন অবস্থায় পড়েছি।


