Take a fresh look at your lifestyle.

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন অধ্যাপক জাহিদ রায়হান

৪২

হেলথ ইনফো ডেস্ক :
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহিদ রায়হান।

বুধবার (১১ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হানকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) (চলতি দায়িত্ব) পদে বদলিপূর্বক পদায়ন করা হলো।’

অধ্যাপক ডা. জাহিদ রায়হান বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সমর্থিত স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক।

তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ, তৎকালীন পিজি হাসপাতাল) থেকে নিউরো সার্জারিতে এমএস ডিগ্রি নেন। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির (ইউকে) ফাংশানাল নিউরোসার্জারির একাডেমিক ফেলো।

এর আগে গত ১০ মার্চ ঢামেক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে অধিদপ্তরের মহাপরিচালক এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের (নিন্স) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমীকে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে নিয়োগ দেয় সরকার। ডা. প্রভাত বাংলাদেশ আ্যাসোসিয়েশন অব ইউরোলজি সোসাইটির সেক্রেটারি ও ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি। অন্যদিকে ডা. রুমীও ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হিসেবে কাজ করছেন।

Leave A Reply

Your email address will not be published.