Take a fresh look at your lifestyle.

৫ হাজারের বেশি প্রশ্ন নিয়ে বিএমইউতে এসসিএ ব্যাংক গঠন

৬১

হেলথ ইনফো ডেস্ক :
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট (এসসিএ) প্রশ্ন ব্যাংক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তিনি পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমানের কাছে এসসিএ ব্যাংকের প্রশ্ন ও উত্তরসমূহের ডকুমেন্ট হস্তান্তর করেন।

এসসিএ ব্যাংকের কার্যক্রম সম্পন্ন করতে বিএমইউর ৫১৮ জন ফ্যাকাল্টি অংশ নেন। তারা মেডিসিন অনুষদ, সার্জারি অনুষদ, শিশু অনুষদ, ডেন্টিস্ট্রি অনুষদ, বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদের বিভিন্ন বিভাগের মোট পাঁচ হাজার ১৮০টি প্রশ্ন ও প্রশ্নোত্তর সেট তৈরি করে এসসিএ ব্যাংকে জমা দেন। এই উদ্যোগ বিএমইউর উচ্চতর চিকিৎসা শিক্ষায় যুগান্তকারী অর্জন ও মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এসসিএ সম্পর্কিত প্রয়োজনীয় কর্মশালাও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বিএমইউর শিক্ষা কার্যক্রমে এ ধরনের উদ্যোগ এই প্রথম।

বিএমইউর বর্তমান প্রশাসনের কার্যক্রম তুলে ধরে অধ্যাপক শাহিনুল আলম বলেন, ‘বিএমইউর বর্তমান প্রশাসন উচ্চতর মেডিকেল শিক্ষা কার্যক্রমের সকল ক্ষেত্রে উন্নতিতে কার্যকর উদ্যোগ নিয়েছে। রেসিডেন্সি প্রোগ্রামকে ঢেলে সাজিয়েছে। ফ্যাকাল্টিদের দক্ষতা বৃদ্ধি ও উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষা কার্যক্রমে পর্যালোচনা, মূল্যায়ন, রিভিউসহ প্রয়োজনীয় ক্ষেত্রসমূহে গুরুত্ব দেওয়া হয়েছে। মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। ফলে উচ্চতর মেডিক্যাল শিক্ষার গুণগত মান বৃদ্ধির সাথে সাথে পরীক্ষায় পাশের হার বৃদ্ধিতেও ইতিবাচক ফল পাওয়া যাবে। দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক, এমনকি গুণগত মান সম্পন্ন শিক্ষক তৈরিতেও এই কার্যক্রমসমূহ অবদান রাখবে। বিশ্বের অনেক দেশ এগিয়ে গেছে, পাশ্ববর্তী দেশসমূহও এগিয়ে গেছে। তাদের সাথে তাল মিলিয়ে বিএমইউর উচ্চতর মেডিক্যাল শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে হবে। দক্ষ ও গুণী চিকিৎসক ও শিক্ষক তৈরিতে বিএমইউ বিশ্বের বুকে অন্যন্য সাধারণ ভূমিকা রাখবে, সেটাই কাম্য। বিএমইউর শিক্ষা, চিকিৎসা ও গবেষণা থেকে দেশের মানুষ, বিশ্বের মানুষ ও রোগীরা উপকৃত হবেন—এই লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, ‘প্রথমবারের মতো এই বিশ্ববিদ্যালয়ে পাঁচ হাজারের অধিক প্রশ্ন নিয়ে একটি এসসিএ ব্যাংক গঠন করা হয়েছে। শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে বর্তমান মূল্যায়ন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। একক পরীক্ষাভিত্তিক মূল্যায়নে শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা ও আচরণকে ধারাবাহিকভাবে মূল্যায়নের জন্য এসসিএ পদ্ধতির উন্নয়ন করা হয়েছে।

এসসিএ ব্যাংক উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। এসসিএ ব্যাংকের বর্তমান চ্যালেঞ্জসমূহ ও ভবিষ্যৎ সুযোগ নিয়ে আলোকপাত করেন সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. ইব্রাহিম সিদ্দিক। অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার।
সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ডা. নুরুন্নাহার খানম। গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে বিএমইউর মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. শামীম আহমেদ, শিশু অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ডা. এম. আবু হেনা চৌধুরী, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান, ডেন্টাল অনুষদের ডীন ডা. সাখাওয়াৎ হোসেন, সম্মানিত প্রক্টর ডা. শেখ ফরহাদ, নিওন্যাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকী, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ডা. দীন-ই-মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানি, অতিরিক্ত পরিচালক ডা. আবু সালেহ মোহাম্মদ আবু ওবাইদা প্রমুখসহ বিভিন্ন অনুষদের কোর্স ডাইরেক্টরগণ, বিভিন্ন ফ্যাকাল্টির শিক্ষক ও অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা মুক্ত আলোচনা করেন।

Leave A Reply

Your email address will not be published.