Friday, May 15, 2026
Google search engine
Homeজাতীয়প্রধানমন্ত্রীর সহায়তা পেল হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেন

প্রধানমন্ত্রীর সহায়তা পেল হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেন

হেলথ ইনফো ডেস্ক :
হামে আক্রান্ত হয়ে নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ দুই বছর বয়সী যমজ শিশু হাসান ও হোসেনের চিকিৎসা ও সার্বিক সহায়তায় এগিয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৩ মে) সন্ধ্যায় ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদিরের (বিটু) নেতৃত্বে একটি প্রতিনিধি দল অসুস্থ শিশুদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারটির হাতে আর্থিক সহায়তা ও পুষ্টিকর ফলমূল তুলে দেওয়া হয়।

সম্প্রতি জাতীয় একটি দৈনিকে ‘হামের পরে নিউমোনিয়া, আইসিইউতে লড়ছে ২ যমজ শিশু’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপরই শিশু দুটির চিকিৎসা ও পরিবারের খোঁজখবর নিতে প্রয়োজনীয় উদ্যোগ নেন প্রধানমন্ত্রী।

হাসপাতালে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলটি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাসান-হোসেনসহ চিকিৎসাধীন অন্যান্য শিশুদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে।

চিকিৎসকরা জানান, যমজ শিশু দুটির শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তাদের আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। তবে তারা এখনও পুষ্টিহীনতায় ভুগছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. মেজবাহুর রহমান, সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. শাখাওয়াত হোসেন, সহযোগী অধ্যাপক (শিশু) ডা. শামীম ইবনে হালিম, ডা. মো. জহিরুল ইসলাম জহির, ডা. হাসিবুল হাসান, ডা. মো. হাফিজুর রহমানসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

প্রসঙ্গত, হাসান-হোসেনের বাবা একজন রাজমিস্ত্রী। তাদের গ্রামের বাড়ি দিরাই উপজেলার একটি প্রত্যন্ত এলাকায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments