Monday, May 11, 2026
Google search engine
Homeজাতীয়প্রধানমন্ত্রীর নির্দেশে বরিশাল সহ অব্যবহৃত ছয় শিশু হাসপাতাল চালু হচ্ছে

প্রধানমন্ত্রীর নির্দেশে বরিশাল সহ অব্যবহৃত ছয় শিশু হাসপাতাল চালু হচ্ছে

হেলথ ইনফো ডেস্ক :
দেশের বিভিন্ন স্থানে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা ছয় শিশু হাসপাতাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১০ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে এই নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, বৈঠকে উপস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের অব্যবহৃত এই ৬টি হাসপাতাল পরিদর্শন করে দ্রুত চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আগামী ২ জুন নির্দেশনা বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে সার্বিক প্রতিবেদন পেশ করতে বলেছেন তিনি।

এ ছাড়া বৈঠকে ৫০০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতালসহ বাকি হাসপাতালগুলো দ্রুত চালুরও নির্দেশ দেন তিনি।

এ দিকে, নীলফামারীতে ১০০০ শয্যাবিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের কাজ দ্রুত এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চীনা দূতাবাসকে সম্পৃক্ত করে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান।

প্রসঙ্গত, ‘৩২০ কোটি টাকা খরচে ৬ শিশু হাসপাতালের ভবন পড়ে আছে’—গত ১২ এপ্রিল একটি গণমাধ্যমে এই শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়–রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় আধুনিক ৬টি হাসপাতাল ভবন নির্মাণ হলেও বছরের পর বছর তা অব্যবহৃত পড়ে আছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments