Friday, June 26, 2026
Google search engine
Homeজাতীয়দেশে নতুন ৫৪০টি কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা : সংসদে স্বাস্থ্যমন্ত্রী

দেশে নতুন ৫৪০টি কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা : সংসদে স্বাস্থ্যমন্ত্রী

হেলথ ইনফো ডেস্ক :
ক্লিনিক সুবিধাবঞ্চিত এলাকায় জমি প্রাপ্তি এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দ সাপেক্ষে আরও ৫৪০টি নতুন কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে এ সংক্রান্ত তথ্য উত্থাপন করা হয়।

একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী দেশের স্বাস্থ্যসেবা খাতের সামগ্রিক চিত্র, নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ, মাতৃমৃত্যু হার এবং ঢাকার সরকারি হাসপাতালগুলোর ধারণক্ষমতার অতিরিক্ত রোগী সামলানোর বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।

ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে ১৪ হাজার ৪৬০টি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে। ক্লিনিক সুবিধাবঞ্চিত এলাকায় জমি প্রাপ্তি এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দ সাপেক্ষে আরও ৫৪০টি নতুন কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর পৃথক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা (আইএআরসি) প্রকাশিত ‘গ্লোবোক্যান ২০২২’ প্রতিবেদনের পরিসংখ্যান তুলে ধরেন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর আনুমানিক এক লাখ ৬৭ হাজার ২৫৬ জন নতুন ক্যানসার রোগী শনাক্ত হয়। বছরে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায় প্রায় এক লাখ ১৬ হাজার ৫৯৮ জন। বর্তমানে দেশে আনুমানিক তিন লাখ ১৬ হাজার ৪১৭ জন ক্যানসার রোগী চিকিৎসাধীন বা জীবিত রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বাংলাদেশে নারীদের মধ্যে স্তন ও জরায়ুমুখ ক্যানসার এবং পুরুষদের মধ্যে ফুসফুস ও মুখ-ঠোঁটের ক্যানসারের প্রকোপ সবচেয়ে বেশি দেখা যায়।

ক্যানসার রোগীদের চিকিৎসার সুবিধার্থে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের আটটি বিভাগীয় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যার পূর্ণাঙ্গ ক্যানসার চিকিৎসা ইউনিট স্থাপনের প্রকল্প বাস্তবায়নাধীন। এর মাধ্যমে বিভাগীয় পর্যায়ে রেডিওথেরাপি, কেমোথেরাপি এবং সার্জিক্যাল অনকোলোজি সেবা সম্প্রসারিত হবে।

এ ছাড়া, দেশের প্রধান বিশেষায়িত প্রতিষ্ঠান জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা সংখ্যা ও অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে। পাশাপাশি ক্যানসার রোগীর প্রকৃত সংখ্যা নিরূপণ ও নির্ভরযোগ্য তথ্যভান্ডার গড়ে তুলতে জনসংখ্যাভিত্তিক (পপুলেশন-বেইজড) এবং হাসপাতালভিত্তিক ক্যানসার রেজিস্ট্রি কার্যক্রম চলমান বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানার প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে অতি দ্রুত এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া গ্রহণ করা হবে।

নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবিরের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী প্রসবকালীন মাতৃমৃত্যুর একটি পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশে প্রতি লাখে আনুমানিক চার হাজার ৩৫৩ জন মা সন্তান প্রসবকালে মৃত্যুবরণ করেন। তবে সন্তান জন্ম দিতে গিয়ে কোনো মায়ের মৃত্যু হলে রাষ্ট্রের পক্ষ থেকে তাঁকে কোনো ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা বর্তমানে নেই বলে জানান মন্ত্রী।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে ঢাকার সরকারি হাসপাতালগুলোর শয্যা-সংকটের চিত্র তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ঢাকার সরকারি হাসপাতালগুলোতে নির্ধারিত শয্যা সংখ্যার তুলনায় চার থেকে পাঁচ গুণ বেশি রোগী ভর্তি হয়ে থাকে। এই বিপুলসংখ্যক রোগীর চাপের কারণে হাসপাতালগুলোর টয়লেটগুলো সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা একটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments