হেলথ ইনফো ডেস্ক :
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস পার্ট-১ জুলাই-২০২৬ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) বিসিপিএসের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়।
ফলাফল অনুযায়ী, পাস করেছেন এক হাজার ৮৪৯ জন চিকিৎসক। পরীক্ষায় অংশ নেন ১১ হাজার ৫৬৮ জন। সে হিসাবে পাসের হার ১৫.৯৮ শতাংশ।
শিক্ষার্থীরা বিসিপিএস ওয়েবসাইটে রোল নম্বর দিয়ে প্রবেশ করে নিজ নিজ ফলাফল দেখতে পারছেন।
এর আগে গত ২ জুন সকাল ৯টায় মেডিসিন ও অ্যালাইডের মাধ্যমে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। চার ঘণ্টার এ পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়।
দ্বিতীয় দিন ৩ জুন অনুষ্ঠিত হয় ৯টি বিষয়ের পরীক্ষা। সেগুলো হলো—১. অ্যানেস্থেসিওলজি, ২. বায়োকেমিস্ট্রি, ৩. ডেন্টাল সার্জারি (কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, অর্থোডন্টিক্স, প্রস্থোডন্টিক্স), ৪. ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরিওলজি, ৫. ফরেনসিক মেডিসিন, ৬. মাইক্রোবায়োলজি, ৭. অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনেকোলজি অ্যান্ড অ্যালাইড, ৮. সাইকিয়াট্রি অ্যান্ড অ্যালাইড ও ৯. রেডিওলজি অ্যান্ড ইমেজিং।
তৃতীয় দিন আজ বৃহস্পতিবার (৪ জুন) যেসব বিষয়ের পরীক্ষা হয় সেগুলো হলো—১. অ্যানাটমি, ২. কমিউনিটি মেডিসিন, ৩. ফ্যামিলি মেডিসিন, ৪. হেমাটোলজি, ৫. অফথ্যালমোলজি অ্যান্ড অ্যালাইড, ৬. ওটোল্যারিংগোলজি–হেড অ্যান্ড নেক সার্জারি, ৭. পেডিয়াট্রিক্স অ্যান্ড অ্যালাইড, ৮. প্যাথোলজি, ৯. ফার্মাকোলজি, ১০. ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, ১১. ফিজিওলজি, ১২. রেডিওথেরাপি, ১৩. সার্জারি অ্যান্ড অ্যালাইড ও ১৫. ট্রান্সফিউশন মেডিসিন।
বিসিপিএস নিয়ম অনুসরণে শেষ দিনের পরীক্ষার কয়েক ঘণ্টার মধ্যে আজ বৃহস্পতিবার ফলাফল প্রকাশিত হলো।
গত ২৯ এপ্রিল দিবাগত রাত ১২টায় এফসিপিএস পার্ট-১ জুলাই-২০২৬ এর পরীক্ষার্থীদের তালিকা চূড়ান্ত হয়। এতে মেডিসিন অ্যান্ড অ্যালাইডে চার হাজার ৩১২ জন, সার্জারি অ্যান্ড অ্যালাইডে দুই হাজার ৩৪২ জন ও গাইনি অ্যান্ড অ্যালাইডে দুই হাজার ১৩৫ জন তালিকাভুক্ত হন।
এ ছাড়াও অন্যান্য বিষয় মিলিয়ে মোট ১২ হাজার ৪৮০ জন চিকিৎসক পরীক্ষায় বসার জন্য তালিকাভুক্ত হন, যা বিসিপিএসের ইতিহাসে সর্বোচ্চ।
এর আগে গত ৭ জানুয়ারি এফসিপিএস পার্ট-১ জানুয়ারি-২৬ এর পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১০ হাজার ৮৫০ জন চিকিৎসক। এর মধ্যে মোট দুই হাজার ৩০৮ জন পাস করেছেন। সে অনুযায়ী, পাসের হার ২১.২৭ শতাংশ।
এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় পাস ১৫.৯৮ শতাংশ
Recent Comments
on Hello world!


