Take a fresh look at your lifestyle.

আরও ৪১১৩ চিকিৎসক নিয়োগ প্রক্রিয়াধীন : স্বাস্থ্যমন্ত্রী 

৯১

হেলথ ইনফো ডেস্ক :
নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বাস্থ্য খাতে অতিদ্রুত এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ইতিমধ্যে কয়েক হাজার চিকিৎসক নিয়োগ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে চারটি বিসিএস থেকে চার হাজার ১১৩ চিকিৎসকের নিয়োগপ্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি চলমান রয়েছে নার্স ও মিডওয়াইফের শূন্যপদগুলোতে নিয়োগের কার্যক্রম।

আজ বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে রাজশাহী-১ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. মুজিবুর রহমানের উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বিসিএসের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। ৪৪তম বিসিএসের মাধ্যমে ৯৮ জন সহকারী সার্জন ও ২২ জন ডেন্টাল সার্জন এবং ৪৮তম বিসিএসের মাধ্যমে দুই হাজার ৯৮৪ জন সহকারী সার্জন এবং ২৭৯ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ৪৫তম বিসিএসে ৪৫০ জন, ৪৬তম বিসিএসে এক হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসে এক হাজার ৩৩১ এবং ৫০তম বিসিএসে ৬৫০টি সহকারী সার্জন নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।

সিনিয়র স্টাফ নার্স শূন্য পদ পূরণের লক্ষ্যে নিয়োগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সরদার সাখাওয়াত হোসেন জানান, মিডওয়াইফ পদ পূরণের লক্ষ্যে গত ১৩ মার্চ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। অতি দ্রুতই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে শূন্যপদগুলো পূরণ করা হবে।
সূত্র: বাসস

Leave A Reply

Your email address will not be published.