হেলথ ইনফো ডেস্ক :
চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সরকার সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব)।
আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনটির কোষাধ্যক্ষ ডা. মেহেদী হানাস বলেন, ‘চিকিৎসক একটি মহান পেশা। এখানে মানুষের পাশে থেকে সরাসরি উপকার করার সুযোগ রয়েছে। মাসুদ কামাল সমগ্র পেশাকে বিষোদগার করেছেন, পুরো চিকিৎসক সমাজকে হেয় প্রতিপন্ন করেছেন এবং মানুষের সেন্টিমেন্টে আঘাত করেছেন। তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থার মুখোমুখি হতে হবে।’
মহাসচিব ডা. জহুরুল ইসলাম শাকিল বলেন, ‘বিগত সময়ে সাংবাদিক ও চিকিৎসকরা একসঙ্গে কাজ করেছেন। এই প্রেসক্লাবে, রাজপথে চিকিৎসক ও সাংবাদিকরা মিলে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। কিন্তু মাসুদ কামালের বক্তব্যের কারণে আজ আমরা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছি। তার বক্তব্য বর্ণবাদকে উসকে দিয়েছে, একটি পেশাকে অবমাননা করেছে এবং চিকিৎসকদের অপমান করেছে।’
তিনি আরও বলেন, ‘মাসুদ কামাল স্বৈরাচারের সময়ে স্বৈরাচারের দোসর হয়ে বক্তব্য দিয়েছেন। আমরা স্মারকলিপি দিয়েছি। আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে হবে, অন্যথায় আদালতে কাঠগড়ায় দাঁড়াতে হবে।’
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান বলেন, ‘গতকাল একজন চিকিৎসককে চেয়ার দিয়ে আঘাত করা হয়েছে। আগামীতে চিকিৎসকের ওপর হামলা হলে, তার দায় মাসুদ কামালকে নিতে হবে।’
কর্মসূচি শেষে ড্যাবের পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
প্রসঙ্গত, বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল এস’ এ টকশো চলাকালে এক কথার পরিপ্রেক্ষিতে মাসুদ বলেন, ‘বাংলাদেশের একজন ডাক্তার রোগীর ভাত খাওয়ার টাকা আছে কিনা সেটা বিবেচনা না করেই এক হাজার টাকা দামের ওষুধ লিখে দেন।’
তিনি আরও বলেন, ‘সরি, ডাক্তাররা এটা শুনছেন। আমি যদি কমনলি বলি, তাদের মতো চামার দ্বিতীয় কোনো শ্রেণী আছে আমাদের দেশে? আমরা ছোটবেলায় দেখতাম ক্যানভাসাররা ফুটপাতে ডুগডুগি বাজিয়ে ওষুধ বেচে। আমাদের ডাক্তাররা হলো, ওষুধ কোম্পানির ক্যানভাসার।’


