Sunday, May 17, 2026
Google search engine
Homeঅপরাধশরীয়তপুর হাসপাতালে চিকিৎসক নিগ্রহ স্বাস্থ্যব্যবস্থার ওপর আঘাত: বিএনপি

শরীয়তপুর হাসপাতালে চিকিৎসক নিগ্রহ স্বাস্থ্যব্যবস্থার ওপর আঘাত: বিএনপি

হেলথ ইনফো ডেস্ক :
শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক নাসিরের ওপর সংঘটিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এক বিবৃতিতে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আজ শুক্রবার (১৬ মে) গবিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেন, ‘একজন হৃদরোগে আক্রান্ত রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত অবস্থায় একজন চিকিৎসকের ওপর এমন ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চিকিৎসাসেবা একটি অত্যন্ত সংবেদনশীল ও মানবিক পেশা। সীমিত জনবল, অবকাঠামোগত সংকট এবং অতিরিক্ত কর্মচাপের মধ্যেও চিকিৎসকরা মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’

তিনি আরও বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে যদি চিকিৎসকদেরই শারীরিকভাবে লাঞ্ছিত ও আক্রান্ত হতে হয়, তবে তা শুধু একজন চিকিৎসকের ওপর হামলা নয়, বরং পুরো স্বাস্থ্যব্যবস্থার ওপর আঘাত।

বিএনপির এই নেতা বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে অতীতেও বহুবার চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই এসব ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এক ধরনের দণ্ডমুক্তির সংস্কৃতি তৈরি হয়েছে, যা ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির জন্ম দিতে পারে। ‘হাসপাতাল কখনোই সহিংসতার স্থান হতে পারে না,’—যোগ করেন তিনি।

অধ্যাপক ডা. রফিকুল ইসলাম অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে আহত চিকিৎসক ডা. নাসিরের সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

বিবৃতিতে তিনি আরও বলেন, মানুষের জীবন বাঁচাতে নিয়োজিত চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। চিকিৎসকদের ওপর হামলা বন্ধ না হলে এর বিরূপ প্রভাব পুরো স্বাস্থ্যখাতে পড়বে এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments