Monday, June 8, 2026
Google search engine
Homeজাতীয়বরিশাল সহ সারাদেশে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, বিভিন্ন মেডিকেলে বিক্ষোভ

বরিশাল সহ সারাদেশে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, বিভিন্ন মেডিকেলে বিক্ষোভ

হেলথ ইনফো ডেস্ক :
ছয় দফা দাবি বাস্তবায়নে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সারাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এ ছাড়া ক্লাস-পরীক্ষা বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
আজ সোমবার (৮ জুন) সকাল থেকে এসব কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। এ দিকে এই আন্দোলনে সংহতি জানিয়ে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন প্রশিক্ষণার্থী চিকিৎসকরাও।
সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মানববন্ধন করেছেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো আইএমসিতে চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। একইসঙ্গে ক্লাস-পরিক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা।
এদিকে কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন এনাম মেডিকেল কলেজের প্রশিক্ষণার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। পাশাপাশি শিক্ষার্থীরাও ক্লাস-পরীক্ষা বর্জন করে হাসপাতাল পরিচালক ও অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালেও কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। দাবির সঙ্গে একমত পোষণ করে দুপুর ১২টার পরে আন্দোলনে যোগ দেন মিড লেভেলের চিকিৎসকরা।
এ সময় আন্দোলনকারীরা বলেন, ‘এই দাবিগুলো আমাদের অধিকার। আমরা সরকারের কাছে দাবি জানাই। অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের এই দাবিগুলো কার্যকরের ব্যবস্থা গ্রহণ করুন।’
অন্যদিকে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন প্রশিক্ষণার্থী চিকিৎসকরাও।
দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসকদের ছয় দফা দাবি হলো—এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং বিসিপিএস ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে আনা, নতুন পে-স্কেল অনুযায়ী ইন্টার্নদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা ও ট্রেইনিদের নবম গ্রেডে নির্ধারণ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৪ বছর করা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন ২০০৬ মেনে সুস্পষ্ট বেতন কাঠামো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments