হেলথ ইনফো ডেস্ক :
হাসপাতালে চিকিৎসা সেবা নিরবচ্ছিন্ন রাখতে প্রতিষ্ঠান প্রধানদের ছুটি ও কর্মস্থল ত্যাগের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অনুমোদন ছাড়াই কর্মস্থল ত্যাগের কারণে সেবা ব্যাহত এবং প্রশাসনিক সমন্বয়ে জটিলতা তৈরি হওয়ায় এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ ও মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৮ জানুয়ারি সকল হাসপাতালের পরিচালক, তত্ত্বাবধায়ক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, দেশের সরকারি হাসপাতালের প্রধানগণ কিছু ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে ছুটি গ্রহণ না করেই কর্মস্থল ত্যাগ করেন। এতে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক সমন্বয়/ব্যবস্থাপনায় নানাবিধ সমস্যার সৃষ্টি হয়।’
‘বর্ণিতাবস্থায়, সরকারি হাসপাতাল প্রধানগণের ছুটি ভোগ ও কর্মস্থল ত্যাগ করার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর/যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ এবং স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে অবহিত (ই-মেইলে ghm@hsd.gov.bd) করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো’—যোগ করা হয় নির্দেশনায়।