নিজস্ব প্রতিবেদক :
বরিশাল নগরীর চাঁদমারী এলাকার ইসলামিয়া হাসপাতালের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী মানিকুল ইসলাম বুলবুলকে গাঁজাসহ আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় আটক বুলবুল ও তার এক সহযোগীর কাছ থেকে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে রাখা প্রায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র ও হাসপাতালের কয়েকজন স্টাফের অভিযোগ, মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী হওয়ায় প্রশাসনের নজর এড়িয়ে তিনি দীর্ঘদিন ধরে সহজে মাদক সরবরাহ করে আসছিলেন।
অভিযান শেষে আটক মানিকুল ইসলাম বুলবুল ও তার সহযোগীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে তা সংযুক্ত করা হবে।


