Friday, July 24, 2026
Google search engine
Homeজাতীয়রাজস্ব খাতে নার্সের ১৫০০০ পদ সৃজনের প্রস্তাব নিয়ে বিভ্রান্তি, যা বলছে অধিদপ্তর

রাজস্ব খাতে নার্সের ১৫০০০ পদ সৃজনের প্রস্তাব নিয়ে বিভ্রান্তি, যা বলছে অধিদপ্তর

হেলথ ইনফো ডেস্ক :
রাজস্ব খাতে ১৫ হাজার সিনিয়র স্টাফ নার্সের পদ সৃজনের প্রস্তাব নিয়ে ধূম্রজাল ‍সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর কাছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) দিল আফরোজার সই করা এ সংক্রান্ত প্রস্তাবনা সম্বলিত চিঠি একটি সামাজি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ২৯ জুন পাঠানো এই চিঠিতে সারাদেশে বিভিন্ন ক্যাটাগরির হাসপাতালে মোট ১৫ হাজার সিনিয়র স্টাফ নার্সের পদ সৃজনের প্রস্তাব করা হয়।

তবে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বলছে, আগামী পাঁচ বছরে ধাপে ধাপে প্রায় পাঁচ হাজার নার্স নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে পাঠানো হয়েছে একটি খসড়া প্রস্তাবও। বিভিন্ন পর্যায় থেকে আরও বেশি সংখ্যক নার্স নিয়োগের প্রস্তাব এলেও আলোচনা ও পর্যালোচনার পর আপাতত পাঁচ হাজার নার্স নিয়োগের পরিকল্পনাই বিবেচনায় রয়েছে।

গত ২৩ মে’র স্বাস্থ্য সেবা বিভাগের স্মারক নং- ৪৫.০০,০০০০,০০০.১৭২,১৫,০০০২.২৫.১৫০ এর চিঠির সূত্রে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রোস্থ স্মারক মোতাবেক মহোদয়ের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় বিভিন্ন ক্যাটাগরির সরকারি হাসপাতালে রাজস্বখাতে সিনিয়র স্টাফ নার্সের মোট পদ রয়েছে ৪৪,৫৩৩টি। এর মধ্যে ৪১,৬৪৮ জন কর্মরত আছেন, ২,৮৮৮টি পদ শূন্য রয়েছে এবং ২,৩৯৪ (দুই হাজার তিনশ’ চুরানব্বই) জন সিনিয়র স্টাফ মার্স নিয়োগের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় মানদণ্ড এবং বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা ও ক্রমবর্ধমান রোগীর সংখ্যা বিবেচনায় বাংলাদেশের সরকারি হাসপাতালসমূহের মার্সের নতুন পদ সৃজন করা প্রয়োজন।’

এতে আরও বলা হয়, ‘বিগত বছরসমূহে মূলত অতিমারী ও অন্যান্য জরুরি পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে সীমিত আকারে নার্সিং পদ সৃজন করা হলেও বর্তমান প্রেক্ষাপটে স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক সংস্থার বিশেষায়িত ও মানসম্মত নার্সিং সেবা নিশ্চিতকরণ, আন্তর্জাতিত মানদণ্ডের সাথে সামঞ্জস্য বিধান, সেকেন্ডারি ও টারশিক্ষারি পর্যারে সেবার গুনগত মান উন্নয়ন, SDG-এর Universal Health Coverage (UHC) লক্ষ্যমাত্রা অর্জন এবং নার্সিং পেশা সম্পন্নকারী রেজিস্টার্ড নার্সদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারি হাসপাতালসমূহে অনুমোদিত শয্যার বিপরীতে পর্যাপ্ত সংখ্যক নার্সিং পদ সৃজন অত্যন্ত জরুরি। উপরন্তু বর্তমান সরকার সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ এবং প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানে বদ্ধপরিকর। এ লক্ষ্যে বর্তমান সরকারের নির্যাতন্ত্রী ইশতেহারে ১ (এক) লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে, যার মধ্যে ৮০ শতাংশ নারী নিয়োগের বিষয়টি বিশেষভাবে উল্লেখ রয়েছে। উপর্যুক্ত অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্যগাতে প্রয়োজনীয় জনবল কাঠামো শক্তিশালীকরণ ও সেবার মানোন্নয়নের স্বার্থে পদ সৃজনের কার্যক্রমকে অগ্রাধিকার ভিতিতে প্রহণ করা সময়োপযোগী ও অত্যাবশ্যক।’

‘বর্ণিতাবস্থায়, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন জেলা সদর হাসপাতাল, জেনারেল হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালসমূহে রাজস্বখাতে নতুন পদ সৃজনের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির হাসপাতালসমূহে মোট ১৫,০০০ (পনেরো হাজার) সিনিয়র স্টাফ নার্সের পদ সৃজনের প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবটি মহোদয়ের সদয় অবগতি ও পরবর্তী ব্যবস্থা প্রহণের জন্য এতদসঙ্গে প্রেরণ করা হলো’—যোগ করা হয় চিঠিতে।

ভুল তথ্যে চাকরিপ্রত্যাশীদের প্রভাবিত করার অভিযোগ

অন্যদিকে নার্সদের একাধিক গ্রুপে ২০ জুনের আরেকটি প্রস্তাবনা সংক্রান্ত চিঠি শেয়ার করা হয়েছে, যেখানে ২৯ জনের চিঠির তথ্যাদি হুবহু তুলে ধরা হয়। এ নিয়ে নার্সিং ও স্বাস্থ্যখাত সংশ্লিষ্টদের মধ্যে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। খাত সংশ্লিষ্ট একাধিকজনের মন্তব্য—ভিন্ন ভিন্ন তারিখের প্রস্তাবনার চিঠি যারা শেয়ার করেছেন, তাদের অনেকেই নার্সিং কোচিং পরিচালনার সঙ্গে জড়িত। চাকরি প্রত্যাশী নার্সিং শিক্ষার্থীদের প্রলুব্ধ করার জন্য এসব ভুয়া তথ্য ছড়িয়ে দিচ্ছেন তারা।

এ বিষয়ের সত্যাসত্য যাচাইয়ে আজ রোববার (১৯ জুলাই) দুপুরে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) বদরুল আলমের (উপসচিব) সঙ্গে মুঠোফোনে মেডিভয়েস প্রতিবেদকের কথা হয়।

তিনি বলেন, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে দেশব্যাপী স্বাস্থ্যসেবা গতিশীল করার লক্ষ্যে পাঁচ হাজার সিনিয়র স্টাফ মার্স নিয়োগের প্রস্তাবনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘আনুমানিক পাঁচ হাজার নার্স নিয়োগের পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। বিভিন্ন পর্যায় থেকে ১৫ হাজারসহ আরও বড় পরিসরের প্রস্তাব এসেছে। তবে আলোচনা ও পর্যালোচনার পর আমাদের প্রস্তাবে প্রায় পাঁচ হাজার নার্স নিয়োগের বিষয়টি রাখা হয়েছে।’

‘পাঁচ হাজার নার্স নিয়োগের প্রস্তাব আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। প্রস্তাবটি প্রায় ১৫ থেকে ২০ দিন আগে পাঠানো হয়েছে। তবে এটি এখনো একটি খসড়া প্রস্তাব। পরবর্তী আলোচনা, পর্যালোচনা ও প্রয়োজনীয় কাটছাঁটের পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বর্তমানে আমাদের আনুমানিক পরিকল্পনা হলো প্রায় পাঁচ হাজার নার্স নিয়োগ’—যোগ করেন তিনি।

পয়ত্রিশ হাজার নার্স নিয়োগের দাবি

এদিকে নিজেদের প্রাথমিক স্বাস্থ্যসেবার বিষয়ে দক্ষ দাবি করে সেবা ও রোগ প্রতিরোধ ব্যবস্থার আমূল পরিবর্তনে কার্যকর পদক্ষেপের লক্ষ্যে আরও বেশি সংখ্যক নার্স নিয়োগের দাবি জানিয়েছেন নার্সিং সংগঠনগুলোর নেতারা।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. আসাদুজ্জামান জুয়েল জনবান্ধব স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাস্থ্য খাতে এক লাখ জনবল নিয়োগের ঘোষণা দোয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

সরকারের স্বাস্থ্য পরিকল্পনা বাস্তবায়নে অধিক সংখ্যক নার্স নিয়োগের অপরিহার্যতা ও যৌক্তিকতা তুলে ধরে মেডিভয়েসকে তিনি বলেন, ‘যেহেতু এক লাখ স্বাস্থ্যকর্মীর মধ্যে ৮০ হাজার মহিলা কর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন সেহেতু মোট জনবলের ৯০% এর উপরে নারী সংবলিত নার্সি পেশার জনবল থেকে কমপক্ষে ৩৫ হাজার নার্সকে নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি। এতে করে কমিউনিটি নার্সিং, স্কুল হেলথ নার্সিং জোরদার হবে এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা ও রোগ প্রতিরোধ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে বলে আমরা বিশ্বাস করি।’

‘কারণ নার্সরা শিশু ও মাতৃ স্বাস্থ্যসহ সকল স্বাস্থ্য ধরনের স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রদানসহ প্রাইমারি হেলথ কেয়ারে অবদান রাখতে সকল বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ অর্জন করে থাকেন’—যোগ করেন তিনি।
সূত্র : মেডিভয়েস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments