Take a fresh look at your lifestyle.

ট্রাকচালকের বুকে ছুরিকাঘাত, ৬ ঘণ্টার জটিল অস্ত্রোপচারে নতুন জীবন দিলো এনআইসিভিডি

৫৯

হেলথ ইনফো ডেস্ক :
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (NICVD) এক বিরল ও জটিল কার্ডিয়াক অস্ত্রোপচারের মাধ্যমে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনা হয়েছে রংপুরের পীরগঞ্জের এক ট্রাকচালককে। মানবিকতা, দক্ষতা ও দ্রুত সিদ্ধান্তের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে হাসপাতালটির কার্ডিয়াক সার্জারি টিম।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৪২ বছর বয়সী ফারুক মিয়া গত ২০ মার্চ ভোর সাড়ে ৪টার দিকে সাভারের বরইতোলা এলাকায় ছিনতাইকারীদের হামলার শিকার হন। এ সময় দুর্বৃত্তরা তার বাম বুকে ছুরিকাঘাত করে ট্রাক নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে দ্রুত NICVD-তে রেফার করেন।

রাত সাড়ে ১০টার দিকে তাকে কার্ডিয়াক আইসিইউতে ভর্তি করা হয়। তখন তার রক্তচাপ প্রায় অদৃশ্য, শরীরে জ্বর, কিডনির কার্যকারিতা হ্রাস এবং হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা যায়। চিকিৎসকরা প্রাথমিকভাবে ওষুধ ও তরল দিয়ে সাময়িকভাবে তার অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করেন।

এদিকে ঈদের ছুটি সামনে রেখে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে আগে থেকেই একটি জরুরি প্রতিক্রিয়া টিম প্রস্তুত ছিল। সেই প্রস্তুতিই সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরিস্থিতির অবনতি হলে জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। অধ্যাপক ডা. সঞ্জয় কুমার রাহা’র নেতৃত্বে কার্ডিয়াক সার্জারি টিম অপারেশন শুরু করেন। প্রায় ছয় ঘণ্টাব্যাপী এই জটিল অস্ত্রোপচারে দেখা যায়, রোগীর হৃদপিণ্ডের চারপাশে জমাট রক্ত রয়েছে এবং বাম প্রধান ধমনী LAD (Left Anterior Descending artery) সম্পূর্ণ কেটে গেছে।

চিকিৎসকরা দক্ষতার সঙ্গে জমাট রক্ত অপসারণ করে ক্ষতস্থান মেরামত করেন এবং LIMA to LAD পদ্ধতিতে সফলভাবে বাইপাস সার্জারি সম্পন্ন করেন। বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা প্রচেষ্টার পর অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়।

অস্ত্রোপচার শেষে রোগীকে পুনরায় কার্ডিয়াক আইসিইউতে নেওয়া হলে তার শারীরিক অবস্থা স্থিতিশীল পাওয়া যায়, যা চিকিৎসকদের কাছে এক বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

চিকিৎসকরা জানান, সময়োপযোগী সিদ্ধান্ত, দক্ষ টিমওয়ার্ক এবং পূর্ব প্রস্তুতির কারণেই এ ধরনের জটিল অপারেশন সফল করা সম্ভব হয়েছে।
এই ঘটনা শুধু একটি চিকিৎসা সাফল্য নয়, বরং মানবিকতা, দায়িত্ববোধ ও নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

হাসপাতাল সংশ্লিষ্ট সকল চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ফারুক মিয়ার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করা হয়েছে।

(তথ্য ও ছবি: ডা. মেজবাহ, সহকারী পরিচালক, NICVD)

Leave A Reply

Your email address will not be published.