চীনা বিজ্ঞানীদের উদ্ভাবিত ‘বোন গ্লু’তে মাত্র ৩ মিনিটে ভাঙা হাড় জোড়া লাগবে

হেলথ ইনফো ডেস্ক :
ভাঙা হাড় জোড়া লাগানোর চিকিৎসায় নতুন দিগন্তের সম্ভাবনা তৈরি করেছে চীনা বিজ্ঞানীদের উদ্ভাবিত বিশেষ ‘বোন গ্লু’। ‘বোন-০২’ নামে এই প্রযুক্তির মাধ্যমে মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যেই হাড় দৃঢ়ভাবে যুক্ত করা সম্ভব বলে দাবি গবেষকদের।

চীনের ঝেজিয়াং প্রদেশের একদল গবেষক সম্প্রতি এই প্রযুক্তি উন্মোচন করেন। গবেষণাটির নেতৃত্ব দেন স্যার রান রান শো হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী প্রধান সার্জন লিন শিয়েনফেং।

গবেষকদের মতে, এই বোন গ্লুর অন্যতম বৈশিষ্ট্য হলো এটি মানবদেহে প্রাকৃতিকভাবে শোষিত হয়ে যায়। ফলে প্রচলিত চিকিৎসার মতো ধাতব প্লেট, স্ক্রু বা ইমপ্ল্যান্ট ব্যবহারের প্রয়োজন পড়ে না এবং দ্বিতীয়বার অস্ত্রোপচার করেও তা অপসারণ করতে হয় না।

প্রকৃতি থেকেই এই প্রযুক্তির অনুপ্রেরণা এসেছে বলে জানান গবেষকরা। পানির নিচে ঝিনুক যেভাবে শক্তভাবে বিভিন্ন পৃষ্ঠে আটকে থাকতে পারে, সেই বৈশিষ্ট্য অনুসরণ করেই তৈরি করা হয়েছে এই আঠা।

প্রকৃতি থেকেই এই প্রযুক্তির অনুপ্রেরণা এসেছে বলে জানান গবেষকরা। পানির নিচে ঝিনুক যেভাবে শক্তভাবে বিভিন্ন পৃষ্ঠে আটকে থাকতে পারে, সেই বৈশিষ্ট্য অনুসরণ করেই তৈরি করা হয়েছে এই আঠা।
তাদের দাবি, রক্তময় পরিবেশেও এটি কার্যকর থাকে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যেই হাড়কে দৃঢ়ভাবে আটকে দিতে সক্ষম।

পরীক্ষাগারে চালানো বিভিন্ন পরীক্ষায় ‘বোন-০২’ নিরাপত্তা ও কার্যকারিতার মানদণ্ডে ইতিবাচক ফল দেখিয়েছে। গবেষকদের তথ্যমতে, এই আঠা প্রায় ৪০০ পাউন্ড পর্যন্ত চাপ সহ্য করতে পারে। পাশ থেকে চাপের ক্ষেত্রে প্রায় ০.৫ মেগা প্যাসকাল এবং ওপর থেকে চাপের ক্ষেত্রে প্রায় ১০ মেগা প্যাসকাল পর্যন্ত শক্তি সহ্য করার ক্ষমতা রয়েছে এর।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ১৫০ জনের বেশি রোগীর ওপর এই প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে এটি ধাতব ইমপ্ল্যান্টের কার্যকর বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে। পাশাপাশি অস্ত্রোপচারজনিত ঝুঁকি, সংক্রমণ এবং রোগীর পুনরুদ্ধার সময় কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই প্রযুক্তি।

তবে বৃহৎ পরিসরে ব্যবহার শুরুর আগে আরও বিস্তৃত ক্লিনিক্যাল গবেষণা ও আন্তর্জাতিক অনুমোদন প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবকিছু ঠিক থাকলে, ‘বোন-০২’ হাড় ভাঙার চিকিৎসায় দ্রুত, সহজ এবং কম ঝুঁকিপূর্ণ একটি আধুনিক সমাধান হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

Comments (০)
Add Comment