স্বাস্থ্যমন্ত্রী সিংগাইরে হঠাৎ পরিদর্শনে, মশক নিধন কর্মসূচির করলেন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন তিনি।

আজ শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টায় হঠাৎ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে ‘নিজ আঙিনা পরিষ্কার রাখুন, সুস্থ থাকুন’ স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

হাসপাতাল পরিদর্শনে রোগীদের খোঁজ খবর নেন এবং তাদের সমস্যার কথা শোনেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় রোগীদের ঠিকমতো খাবার দেয়া হচ্ছে কিনা ও খাবারের মান কেমন তা জানতে চান তিনি।

এ ছাড়া চিকিৎসকরা যথাসময়ে উপস্থিত হয়েছেন কিনা তার খোঁজ খবরও নেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় দুইজন চিকিৎসক যথাসময়ে অফিসে উপস্থিত না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।

সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এরকম আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাফসান রেজা মেডিভয়েসকে জানান, হাসপাতালে ৩০ জন চিকিৎসক থাকলেও পরিদর্শনে উপস্থিত ছিলেন ২৭ জন। তাদের মধ্যে একজন দেরিতে আসেন এবং বাকি দুইজন অনুপস্থিত ছিলেন। মন্ত্রীর নির্দেশে অনুপস্থিত দুইজন চিকিৎসককে শোকজ নোটিশ প্রেরণ করা হয়।

তিনি আরও বলেন, মন্ত্রী হাসপাতালের অপরিচ্ছন্নতার ত্রুটি লক্ষ্য করেছেন। হাসপাতালে পর্যাপ্ত পরিচ্ছন্নতা কর্মী না থাকায় এ সংকট সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

এ সময় হাসপাতাল ও চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে স্বল্প সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পেতে একটি পুলিশ ফাঁড়ি অথবা আনসার ক্যাম্প স্থাপনের দাবি জানান চিকিৎসকরা। এছাড়া, হাসপাতালের পুরনো যন্ত্রপাতি মেরামত করতে এবং জরাজীর্ণ ভবনগুলো সংস্কার করার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক মেশিন দেওয়ার ঘোষণা দেন মন্ত্রী।

Comments (০)
Add Comment