হেলথ ইনফো ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথের সময় নির্ধারিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সংসদ ভবনে এমপিদের শপথ অনুষ্ঠিত হবে। শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এদিন বিকেলে নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হবে বঙ্গভবনে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলে বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১৪টি আসনে জয় পায়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পায় ৭৭টি আসন। এ ছাড়া অন্যান্য ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৮টি আসনে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। আনুষ্ঠানিকতা শেষে একইদিন দিবাগত রাতে ২৯৭ আসনের গেজেট ঘোষণা করে নির্বাচন কমিশন।
কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, বেসরকারি ফলাফল যাচাই-বাছাই শেষে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ও পরিচয় সম্বলিত অফিসিয়াল গেজেট প্রকাশ। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনি জানান, গেজেট প্রকাশ হওয়ায় দ্রুতই নবনির্বাচিতদের শপথ পড়ানোর উদ্যোগ নেবে সরকার। সামনে রোজা থাকায় দ্রুত পদক্ষেপ নেয়া হবে।