হেলথ ইনফো ডেস্ক :
একটি সুন্দর, শান্তিময় এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে যোগ্যতা অনুযায়ী কাজ করতে হবে বলে মনে করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতারা। তারা বলেন, জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যাশা বাস্তবায়নে সকল চিকিৎসকের মেধা ও যোগ্যতার শতভাগ প্রতিফলন জরুরি।
আজ শনিবার (৭ মার্চ) রাজধানীর কাঁটাবনে মসজিদে মুনাওঅরে এতিম শিক্ষার্থীদের সম্মানে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা মহানগর দক্ষিণের ইফতার মাহফিলে এসব কথা বলেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান ইমাম মোয়াযযিনসহ ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় ব্যক্তিদের জন্য ভাতা ব্যবস্থা করেছেন। ইনশাল্লাহ আগামীতেও সারা বাংলাদেশে যারা ধর্মীয় মহৎ কাজে জড়িত, তাদেরকে তিনি ভাতার আওতায় আনবেন।’
এ ছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘সেগুলো যেন সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারেন, দুঃস্থ মানুষের জন্য তিনি কাজ করতে পারেন, সেজন্য দোয়া করবেন। আগামী ১৪ মার্চ এতিম শিশু ও জুলাই যোদ্ধাদের জন্য ঈদ উপহার প্রদান করা হবে। এগুলো সারাদেশের বিভিন্ন জায়গায় চলমান আছে।’
‘আগামী দিনে যেন বাংলাদেশকে একটি সুন্দর, শান্তিময় এবং সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি, সেভাবে সবাই কাজ করে যাবো। নেতা বলেছেন, করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ’—যোগ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান বলেন, ‘দেশের রাজনীতির ধারা পরিবর্তন করে দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। আগে রাজনীতির মানে ছিল ক্ষমতা ভোগ। এখন রাজনীতির মানে হলো সেবা করা, দায়িত্ব পালন করা। এজন্য আমরা আজ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি।’
এ সময় কল্যাণমুখী কাজের মাধ্যমে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা লাগবে। এই সহযোগিতার স্বরূপ হলো যার যার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা, কর্মস্থলে সময় মতো উপস্থিত হওয়া এবং মানবিক দৃষ্টিকোণ থেকে রোগীদের সময় দেওয়া।
প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চান জানিয়ে তিনি বলেন, এটা করতে গেলে সকল চিকিৎসকের মেধা, যোগ্যতার শতভাগ প্রতিফলন ও সহযোগিতা লাগবে।
সমাপনী বক্তব্যে ইফতার ও দোয়া মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান বলেছেন, ‘জনগণকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমরা শপথ নিয়েছি। ইনশাল্লাহ আমরা আমাদের দায়িত্ব পালন করবো। ড্যাবের প্রতিটি ইউনিট এভাবে দায়িত্ব পালন করতে পারলে আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আকাঙক্ষা বাস্তবায়ন করতে পারবো। তাঁর সম্মান রক্ষা করতে পারবো।
ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাবের সহ সভাপতি ডা. সিরাজুল ইসলাম, ডা. মুশতাক হাসান স্বপন, সংগঠনের উপদেষ্টা ডা. কামরুল হাসান সরদার, যুগ্ম মহাসচিব ডা. জাহিদুল কবির।
ড্যাব ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ডা. মো. দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান ছিলেন সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ নিয়াজ শহীদ রানা।