শের-ই-বাংলা মেডিকেল কলেজে রমাদান সেমিনারে ১০০০ কুরআন বিতরণ

হেলথ ইনফো ডেস্ক :
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিমে) রমাদান সেমিনার, কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল সাড়ে তিনটায় কলেজ ক্যাম্পাসে দাওয়া অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে এই সেমিনার ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ, সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ, পটুয়াখালী মেডিকেল কলেজসহ বরিশালের অন্যান্য মেডিকেল কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল কুরআন একাডেমী, লন্ডনের চেয়ারম্যান ড. হাফিজ মুনীর উদ্দীন আহমেদ।

ড. হাফিজ মুনীর উদ্দীন আহমেদ কুরআন ও হাদীসের আলোকে রোজার তাৎপর্য তুলে ধরেন। এ ছাড়া ভবিষ্যৎ চিকিৎসকদের মানবিকতা, নৈতিকতা এবং ইসলামী মূল্যবোধ ধারণ করে সমাজসেবায় অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসাইন বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ড. কে এম মশিউল মুনীর, বরিশালের ইসলামি ব্যাংক হাসপাতালের সুপারিন্টেনডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন এবং শেবাচিম বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড অধ্যাপক ডা. হানিফ হাওলাদারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেবাচিমের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী জোবায়ের ইমরান।

এ সময় অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে প্রায় এক হাজার কপি পবিত্র কুরআন বিতরণ করা হয়। পরে ড. হাফিজ মুনীর উদ্দীন আহমেদের পরিচালনায় সমাপনী দোয়া অনুষ্ঠিত হয় এবং ইফতার বিতরণ ও গ্রহণের মধ্য দিয়ে রমাদান সেমিনার, কুরআন বিতরণ ও ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।

Comments (০)
Add Comment