হেলথ ইনফো ডেস্ক :
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নার্সিং বিভাগের জনবল কাঠামো ও পদোন্নতি নীতিমালা পুনর্নির্ধারণের দাবি মেনে নেওয়া হয়েছে। স্ববেতনে সহকারী সেবা তত্ত্বাবধায়ক পদে পদোন্নয়নপ্রাপ্ত নার্সিং সুপারভাইজারদের গ্রেড নির্ধারণ এবং নার্সিং জনবলের প্রস্তাবিত সর্বশেষ অর্গানোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির সুপারিশ অনুযায়ী ৭৬তম সিন্ডিকেটের নীতিমালা সংশোধনপূর্বক এবং ৬১তম সিন্ডিকেটের নীতিমালা অনুসরণ করে বিশ্ববিদ্যালয় হাসপাতালের নার্সিং বিভাগে পদ ও গ্রেড নির্ধারণ করা হয়েছে। এতে সেবা তত্ত্বাবধায়ক পদকে গ্রেড-৫, অতিরিক্ত সেবা তত্ত্বাবধায়ককে গ্রেড-৬, উপ-সেবা তত্ত্বাবধায়ককে গ্রেড-৭, সহকারী সেবা তত্ত্বাবধায়ককে গ্রেড-৮, নার্সিং সুপারভাইজারকে গ্রেড-৯ এবং সিনিয়র স্টাফ নার্সকে গ্রেড-১০ হিসেবে নির্ধারণের বিষয়টি বিধি মোতাবেক গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি পরবর্তীতে অর্থ কমিটিতে উপস্থাপন ও অনুমোদন গ্রহণের পর সিন্ডিকেটে সুপারিশ আকারে উপস্থাপন করা হবে। সিন্ডিকেটের চূড়ান্ত অনুমোদনের পর এ সিদ্ধান্ত কার্যকর হবে।
প্রসঙ্গত, ৭৬তম সিন্ডিকেটে সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং সুপারভাইজার পদ দুটিকে একই (১০ম) গ্রেডে এবং সহকারী সেবা তত্ত্বাবধায়ক ও উপ-সেবা তত্ত্বাবধায়ক পদ দুটিকে একই (৯ম) গ্রেডে নির্ধারণ করা হয়। এ বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সিন্ডিকেট কর্তৃক একটি কমিটি গঠন করা হয়।