বাংলা একাডেমিতে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে অমর একুশে বইমেলা শুরু

হেলথ ইনফো ডেস্ক :
বাংলা একাডেমিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার কিছুক্ষণ আগে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। তাঁর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার পরপরই দর্শনার্থীদের জন্য মেলার দ্বার উন্মুক্ত করা হয়। এবারের বইমেলার প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’।

পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মেলার প্রাঙ্গণ। তবে রাত সাড়ে ৮টার পর প্রবেশ বন্ধ থাকবে।

এবারের মেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান রয়েছে। মোট ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ১৮টি। উদ্যানের উন্মুক্ত মঞ্চসংলগ্ন গাছতলায় লিটল ম্যাগাজিন চত্বরে রয়েছে ৮৭টি লিটল ম্যাগাজিনের স্টল।

শিশু চত্বরে অংশ নিচ্ছে ৬৩টি প্রতিষ্ঠান। প্রতিদিন বিকাল ৩টায় মূলমঞ্চে বিষয়ভিত্তিক সেমিনার এবং বিকাল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া প্রতি শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত থাকছে ‘শিশুপ্রহর’।

বইমেলাকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

Comments (০)
Add Comment