হেলথ ইনফো ডেস্ক :
বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ৫৩ জন শিক্ষক, চিকিৎসককে গবেষণা মঞ্জুরী (রিসার্চ গ্রান্ট) প্রদান করা হয়েছে।
আজ সোমবার (১৩ এপ্রিল) এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অফিসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। সভাপতিত্ব করেন রিসার্চ গ্রান্ট কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, গবেষণার অনুদান সঠিকভাবে ব্যবহার, গবেষণা কর্মে শিক্ষক, চিকিৎসকদের বেশি করে আগ্রহ সৃষ্টি করাসহ উপযুক্ত, যোগ্য অধিক সংখ্যক শিক্ষক, চিকিৎসকদের গবেষণা কাজে সম্পৃক্ত করার তাগিদ দেন।
রিসার্চ গ্রান্ট কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার অতীতের তুলনায় বর্তমান প্রশাসনের আমলে গাবেষণা কার্যক্রম জোরদার হয়েছে উল্লেখ করে বলেন, বিভিন্ন ভাইরাসের প্রাদুর্ভাব, মহামারীসহ বিভিন্ন রোগ মোকাবিলা, রোগ প্রতিরোধ সর্বোপরি মানুষের জীবন রক্ষার জন্য চিকিৎসা বিজ্ঞান ও স্বাস্থ্যখাতে নিরন্তর গবেষণার কর্ম চালিয়ে যাওয়ার কোনো বিকল্প নাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, উপ-রেজিস্ট্রার ১ ও রিসার্চ গ্রান্ট কমিটির সদস্য সচিব ডা. একেএম কবির আহমেদ রিয়াজের সঞ্চালনায় বিএমইউর মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. শামীম আহমেদ, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. ইব্রাহীম সিদ্দিক, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী প্রমুখসহ সংশ্লিষ্ট শিক্ষক ও চিকিৎসকবৃন্দ।