দুর্নীতিমুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় গড়াই নিজের প্রধান অগ্রাধিকার : স্বাস্থ্যমন্ত্রী

হেলথ ইনফো ডেস্ক :
দুর্নীতিমুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় গড়াই নিজের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন নতুন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট চলবে না সতর্ক করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, ‘এই মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হতে পারবে না। কারও চাপে কোনো কাজ হবে না। মানুষের কল্যাণে কাজ করবো।’

স্বাস্থ্যখাতে জনবল ঘাটতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে জনবল ঘাটতি আছে কিনা, তা যাচাই করা হবে। প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

চিকিৎসকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডাক্তারদের সকাল ৯টার অফিসে ১২টায় গেলে চলবে না। তিনি জানান, সাত দিনের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শুরু করবেন। এক মাসের মধ্যে চিকিৎসকদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

স্বাস্থ্য ব্যবস্থায় রোগীদের আস্থা ফেরানোয় গুরুত্বারোপ করে সাখাওয়াত হোসেন বকুল বলেন, দেশের মানুষের মধ্যে স্বাস্থ্যখাত নিয়ে যে আস্থাহীনতা তৈরি হয়েছে, তা দূর করতে হবে। চিকিৎসার মান বাড়াতে পারলে মন্ত্রী-এমপিসহ সাধারণ মানুষের বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, নিজের চিকিৎসার ক্ষেত্রেও তিনি দেশের ব্যবস্থার ওপর নির্ভর করতে চান। তিনি বলেন, ‘আমার কিছু হলেই যেন বিদেশ যেতে না হয়, সেই চেষ্টা করবো। একেবারে জটিল ও যার চিকিৎসা দেশে নেই এমন পরিস্থিতি ছাড়া দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না।’

এ ছাড়া স্বাস্থ্যখাত নিয়ে বিএনপি ঘোষিত ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারের বিষয়গুলো বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন স্বাস্থ্যমন্ত্রী।

Comments (০)
Add Comment