ঢামেকে আন্তর্জাতিক শিশু সার্জারি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :
আন্তর্জাতিক শিশু সার্জারি দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস-এর উদ্যোগে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) শিশু সার্জারি বিভাগের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

আজ সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস-এর সভাপতি অধ্যাপক ডা. মো. আবু জাফর।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. সামিদুর রহমানসহ বিভিন্ন বিভাগের অধ্যাপক, চিকিৎসক, রেসিডেন্ট, ইন্টার্ন চিকিৎসক ও নার্সিং স্টাফ।

র‍্যালির মাধ্যমে শিশুদের সার্জিক্যাল রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং উন্নত চিকিৎসা সেবার গুরুত্ব তুলে ধরা হয়।

পরবর্তীতে শিশু সার্জারি বিভাগের ওয়ার্ডে ভর্তি রোগীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে অসুস্থ শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক শিশু সার্জারি দিবস উদযাপনের মাধ্যমে শিশুদের সার্জিক্যাল চিকিৎসার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতকরণ এবং শিশুদের সুস্বাস্থ্য রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

Comments (০)
Add Comment