নিজস্ব প্রতিবেদক :
পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালে মাকসুদা-জহির এইড অর্গানাইজেশন পরিচালিত জালীলুল কুরআন হাফেজী মাদ্রাসায় ইফতার মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৫ মার্চ) আয়োজিত এই অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, অধ্যাপক জহুরুল আলম ও অধ্যাপিকা মাকসুদা আকতার প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছর পবিত্র কোরআন মাজীদ হিফজ কর্মসূচি পরিচালিত হয়। এর ধারাবাহিকতায় ২০২৬ সালে হাফেজ মাতিন সফলভাবে হিফজ সম্পন্ন করেন। অনুষ্ঠানে তাকে পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করেন কলেজ রো মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ আবদুল কুদ্দুস।
এসময় নাজেরা বিভাগে অধ্যয়নরত কৃতী শিক্ষার্থীদের মধ্যেও উপহার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য ও অর্থোপেডিক সার্জন ডা. মাজহারুল রেজওয়ান রেজা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কোরআনের শিক্ষা মানুষকে নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে। তাই নতুন প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।