গাজীপুরে কুনিয়ায় ডা. আফরোজার ওপরে হামলা, চেম্বার ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

হেলথ ইনফো ডেস্ক :
গাজীপুর মহানগরের গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকায় অবস্থিত ‘জমিলা জেনারেল হাসপাতাল অ্যান্ড ফার্টিলিটি কেয়ার সেন্টার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’র এক নারী চিকিৎসককে প্রাণনাশের হুমকি দিয়ে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভুক্তভোগী প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. আফরোজা আক্তার (ডলি) গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এতে ১. মো. আশিকুর রহমান উমন (২৬), ২. মো. রাজু আহমেদ শাহীন (৪০), ৩. মোসা. কামরুন্নাহার মুন্নি (৩৫), ৪. লামিয়া শারমিন তালহা (২৫) সহ আরো ২০/২৫ জন অজ্ঞাতনামা বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে ডা. আফরোজা আক্তার জানিয়েছেন, গত বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দিকে ৪নং বিবাদী, যিনি হাসপাতালের রোগী হিসেবে চিকিৎসা গ্রহণ করেছিলেন, তার পরবর্তী সময়ে অভিযুক্তরা তাঁর চেম্বারে প্রবেশ করে। এ সময়, অভিযুক্তরা অশোভনীয় আচরণ শুরু করে এবং হাসপাতালের স্টাফদের সাথে ঝগড়া সৃষ্টি করতে থাকে। একই দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ সংঘবদ্ধ হয়ে হাসপাতালে প্রবেশ করে এবং চিকিৎসক, নার্স এবং স্টাফদের ওপর আক্রমণ চালায়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা লোহার রড, পাইপ, কাঠের লাঠি দিয়ে ভাঙচুর চালিয়ে প্রায় ১ লাখ টাকার ক্ষতি সাধন করে। এছাড়াও, তারা হাসপাতালের নার্সদের ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং চিকিৎসককে অমানবিকভাবে মারধর করে। এরই মধ্যে ১নং অভিযুক্ত ধারালো ছুরি দিয়ে চিকিৎসকের মাথায় আঘাত করে, যার ফলে তিনি গুরুতর আহত হন।

তবে হামলা এখানেই থেমে থাকেনি। এর মধ্যে ২ ও ৩ নং অভিযুক্তরা চিকিৎসকের চেম্বারে থাকা নগদ ৭০ হাজার টাকা এবং চিকিৎসকের গলায় থাকা ৫ লক্ষ টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। হামলাকারীরা পালানোর আগে চিকিৎসককে প্রাণনাশের হুমকি দিয়ে যায়, যাতে তিনি এই ঘটনার সম্পর্কে আইনগত ব্যবস্থা না নেন।

গুরুতর আহত অবস্থায় ডা. আফরোজা আক্তারকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসা শেষে তিনি গাছা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে আরও বলা হয়েছে যে, অভিযুক্তরা মামলা হলে তাকে এবং তার পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দিয়েছে।

এ বিষয়ে গাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেডিভয়েসকে বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

এ ঘটনাকে ন্যাক্কারজনক ও বর্বরোচিত দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজি সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)। এই ঘটনার সাথে জড়িত মূল আসামিসহ সকল হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তারা।

Comments (০)
Add Comment