নিজস্ব প্রতিবেদক :
ইউএইচএফপিও ফোরামের নির্বাচিত কেন্দ্রীয় কমিটি (২০২২–২০২৪) এর মেয়াদ শেষ হওয়ায় পূর্বঘোষিত নোটিশ অনুযায়ী আয়োজিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের প্রস্তাবনা ও সমর্থনের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য একটি আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. মঞ্জুর আল মুর্শেদ চৌধুরী, তিনি বর্তমানে ঢাকা জেলার ধামরাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. আবদুল মুনয়েম সাদ, তিনি বরগুনার আমতলী উপজেলার প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং বর্তমানে ইউএইচএফপিও পদে বদলির আদেশাধীন রয়েছেন। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. রাজিউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বন্দর, নারায়ণগঞ্জ।
ইউএইচএফপিও ফোরামের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ডা. শাহ আলম সিদ্দিকী এবং সভাপতি ডা. মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে ইউএইচএফপিও ফোরামের গঠনতন্ত্র অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করা, আগামী দুই মাসের মধ্যে আগ্রহী সদস্যদের মধ্য থেকে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা এবং গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্বে নির্বাচন কমিশন গঠন করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরবর্তী কেন্দ্রীয় কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।