শিগগিরই ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ নির্মাণকাজ শুরু হবে : মির্জা ফখরুল

হেলথ ইনফো ডেস্ক :
জেলার উন্নয়নে শিগগিরই ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সেখানে বিমানবন্দর নির্মাণকাজ শুরু হবে বলেও জানান তিনি।

 

আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে পাইলট প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের রহিমানপুর ইউনিয়নের ঈদগা মাদ্রাসা মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

 

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ইতোমধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের সুবিধার জন্য খাল খনন কার্যক্রম শুরু হয়েছে, যাতে তারা সহজে সেচ সুবিধা পেতে পারেন। এ ছাড়া জেলার উন্নয়নে মেডিকেল কলেজ ও বিমানবন্দর নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে। ঠাকুরগাঁওয়ের বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হবে। বেকার যুবকরা যাতে বাড়িতে বসে দুই থেকে তিন লাখ টাকা আয় করতে পারে সেই ব্যবস্থা করা হবে।

জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গত ১৫ বছর দেশে কোনো আইনি কানুন ছিল না, ১৫ বছর যারা যেটা খুশি করে গেছে। টাকা ছাড়া কোনো কাজ হয়নি। এবার ফ্যামিলি কার্ডের জন্য কাউকে কোনো টাকা পয়সা দিতে হয়নি। পরিবারের প্রধান সকল নারী ফ্যামিলি কার্ড পাবেন। তাই কেউ হতাশ না হয়ে ধৈর্য ধরুন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আমাদের কথা রেখেছি। সরকার গঠনের ২২ দিনের মধ্যে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ ফ্যামিলি কার্ড আপনাদের সামনে নিয়ে এসেছি। এ কার্ড নারীদের শক্তি হবে। এই পরিকল্পনাটা এমন যে, প্রতিটি পরিবারের প্রধান নারী সদস্য এই কার্ড পাবেন। শুধু একটু ধৈর্য ধরেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগের আওতায় সকলেই আসবেন। জেলা প্রশাসকও এই কার্ড পাবেন, আমার স্ত্রীও এই কার্ড পাবেন, সকল নারী এই কার্ডের আওতায় আসবে।

সূত্র অনুযায়ী, ঠাকুরগাঁও সদর উপজেলা রহিমানপুর ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডে পাইলট প্রকল্পে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ৫৮৮ জন নারী।

 

উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা,পুলিশ সুপার  বেলাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ফয়সল, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা বিএনপির শীর্ষ নেতারা।

Comments (০)
Add Comment