বিসিএসে যোগদানকারী চিকিৎসকদের সংবর্ধনা দিল এনডিএফ বিএমইউ শাখা

হেলথ ইনফো ডেস্ক :
৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সদ্য যোগদানকারী চিকিৎসকদের সম্মানে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) শাখার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিএমইউতে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএফের ভাইস প্রেসিডেন্ট ও এনডিএফ বিএমইউ শাখার সভাপতি ডা. আতিয়ার রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক বলেন, নবনিযুক্ত চিকিৎসক ক্যাডাররাই ভবিষ্যতে দেশের চিকিৎসা ও স্বাস্থ্যখাতের অগ্রপথিক হবেন। তিনি বলেন, দেশে চিকিৎসকের সংখ্যার চেয়ে সৎ ও নৈতিকতাসম্পন্ন চিকিৎসকের সংকট বেশি। দেশ ও জাতির স্বার্থে সততা ও নৈতিকতার ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নবনিযুক্ত চিকিৎসকরাই এই সংকট দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা এনডিএফের।

সভাপতির বক্তব্যে ডা. আতিয়ার রহমান বলেন, চিকিৎসক হিসেবে জাতির সেবার সুযোগ দেওয়ায় মহান আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ। তবে এই কৃতজ্ঞতা কেবল কথায় নয়, কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে। তিনি বলেন, মুমূর্ষু রোগীরা জীবন বাঁচানোর আশায় চিকিৎসকদের কাছে আসেন। তাই দ্রুত ও সর্বোচ্চ মানের সেবা দেওয়ার জন্য চিকিৎসকদের সব সময় সচেষ্ট থাকতে হবে।

ডা. আতিয়ার রহমান আরও বলেন, দেশের স্বাস্থ্যখাত নানা অনিয়ম ও অসংগতিতে ভরা হলেও সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব। নবনিযুক্ত চিকিৎসকরাই ভবিষ্যতে সেই প্রত্যাশিত নেতৃত্ব দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, চিকিৎসকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অনিয়ম ও অসংগতি রোধ করে একটি মানবিক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

Comments (০)
Add Comment