হেলথ ইনফো ডেস্ক :
২০২৫-২৬ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করা জাহাঙ্গীর আলম শান্তকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারন তারেক রহমান।
বুধবার (১৪ জানুয়ারি) বিএনপি চেয়ারপারনের গুলশান কার্যালয়ে শান্তর হাতে ক্রেস্ট তুলে দিয়ে এ শুভেচ্ছা জানান তিনি।
এ সময় তারেক রহমান শান্তকে বলেন, ‘তুমি শুধু তোমার পরিবারের গর্ব নও, তুমি বাংলাদেশের গর্ব।’
শুভেচ্ছা আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামসহ অন্যান্যরা।
সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম শান্তর মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৯১.২৫ এবং রোল নম্বর ২৪১৩৬৭১। শান্ত এসএসসি পরীক্ষায় নরসিংদীর বেলাবো উপজেলার বারৈচা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে জিপিএ-৫ অর্জন করেছিলেন।
ছোটবেলা থেকেই জাহাঙ্গীর আলম শান্তের পড়াশোনার প্রতি আলাদা আকর্ষণ ছিল। স্কুলে যাওয়ার আগেই বই-খাতা ভর্তি ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করতেন। পরবর্তীতে বাবা-মায়ের প্রেরণা এবং নিয়মিত ও পরিকল্পিত পড়াশোনার মাধ্যমে সৃষ্ট আত্মবিশ্বাস থেকে পড়াশোনায় মনোযোগ বাড়ান শান্ত।
জাতীয় মেধায় প্রথম হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে শান্ত মেডিভয়েসকে বলেন, ‘আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই অবস্থানে মনোনীত হওয়ার জন্য। আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয়। মেডিকেলে ভর্তির এই সাফল্য আমাকে ভীষণ আনন্দিত করেছে।’
ভর্তি পরীক্ষা ভালো করার কৌশল জানিয়ে তিনি বলেন, ‘আমার মেডিকেল যাত্রা মূলত শুরু হয় প্রথম বর্ষ থেকেই। ২০২৩ সালের অক্টোবর মাসে আমাদের ক্লাস শুরু হলেও আমি প্রস্তুতি শুরু করি ডিসেম্বর থেকে। সে সময় থেকেই প্রশ্ন সংকলন নিয়ে পড়াশোনা শুরু করি। বোর্ড পরীক্ষার প্রশ্নের পাশাপাশি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো নিয়মিত সমাধান করার চেষ্টা করেছি।’