ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঈদের দিন শিশু চুরি, যাত্রাবাড়ী থেকে উদ্ধার

হেলথ ইনফো ডেস্ক :
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ঈদের দিন চুরি হওয়া দুই বছর বয়সী এক শিশুকে মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় একজন আটক হয়েছেন।

রোববার (২২ মার্চ) বিকেলে শিশুটিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশিদুল আলম।

তিনি জানান, শনিবার দুপুরে ঢামেক হাসপাতালের ভবন-২ এর তৃতীয় তলার হৃদ্‌রোগ বিভাগ থেকে ফোজাইল (২) নামের শিশুটিকে চুরি করা হয়। ফোজাইলের বাবা মাজহারুল ইসলাম ও মা নুসরাত জাহান তাকিয়া। তাদের বাড়ি কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় হলেও বর্তমানে তারা রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জে বসবাস করছেন।

ঘটনার পর রাতেই শিশুটির স্বজনদের মোবাইল ফোনে কল দিয়ে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি জানার পর র‍্যাবের দল মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযান চালায়।

এসআই রাশিদুল আলম বলেন, ‘মোবাইল ট্র্যাকিংয়ের সূত্র ধরে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

শিশুটির মা নুসরাত জাহান তাকিয়া জানান, দুই দিন আগে তার বাবা হাফেজ নাসির উদ্দিন (৬১) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালের তৃতীয় তলায় ভর্তি হন। শনিবার দুপুরে তিনি ছেলে ফোজাইলকে নিয়ে হাসপাতালে যান।

তিনি বলেন, ‘দুপুরে ওয়ার্ডের ভেতরে সবাই খাবার খাচ্ছিলাম। ফোজাইল ওয়ার্ডেই ছিল। হঠাৎ তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে হাসপাতালের ভেতরে ও বাইরে অনেক খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।’

পরে হাসপাতালের আনসার ও পুলিশের সহায়তায় ব্যাপক খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে মুক্তিপণ দাবির ফোন আসলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। এরপর অভিযান চালিয়ে রাতেই শিশুটিকে উদ্ধার করা হয়।

Comments (০)
Add Comment