আকস্মিক অসুস্থ হয়ে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে, খাবার খেয়ে আলোচনায় এমপি এনামুল হক

হেলথ ইনফো ডেস্ক :
আকস্মিক অসুস্থ হয়ে নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিত নওগাঁ–২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের সংসদ সদস্য এনামুল হক। চিকিৎসা নেওয়ার পাশাপাশি তিনি রোগীদের জন্য সরবরাহ করা খাবার খান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার জন্ম দেয়।

সোমবার (৯ মার্চ) সকালে অসুস্থ অবস্থায় হাসপাতালে এসে ভর্তি হন তিনি।

ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশিষ কুমার সরকার বলেন, সংসদ সদস্য এনামুল হক কোনো পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তিনি গ্যাস্ট্রিক ও হাইপার টেনশনজনিত সমস্যায় ভুগছিলেন। কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলে তিনি ভর্তি হন এবং দুপুর পর্যন্ত সেখানে চিকিৎসা নেন। এ সময় তিনি হাসপাতালে রোগীদের জন্য সরবরাহ করা খাবার খেয়েছেন।

জনপ্রতিনিধিরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিলে সাধারণ মানুষের আস্থা বাড়বে জানিয়ে এই চিকিৎসক বলেন, সংসদ সদস্য হাসপাতালের সেবার প্রশংসা করেছেন।

জনপ্রতিনিধি এনামুল হক বলেন, চাইলে তিনি নওগাঁ বা জয়পুরহাটের বড় হাসপাতাল কিংবা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারতেন। তবে এলাকার মানুষ যেখানে নিয়মিত চিকিৎসা নেন, তিনি সেখানেই চিকিৎসা নিতে চেয়েছেন। সীমিত সক্ষমতা নিয়েও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিক হলে ভালো সেবা দেওয়া সম্ভব বলে তাঁর বিশ্বাস।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে অনেকেই প্রশংসা করেছেন। তাসলিমা পারভীন নামের একজন ফেসবুক পোস্টে লেখেন, দেশের নামকরা বা বেসরকারি হাসপাতালে না গিয়ে একজন এমপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবং সাধারণ রোগীদের মতো খাবার খেয়েছেন—এটি প্রশংসনীয় উদ্যোগ।

ফেসবুকে মাফি মনি নামের আরও এক ব্যবহারকারী লেখেন, ‘এমপি এনামুল হক যদি চাইতেন, তাহলে ঢাকায় কিংবা রাজশাহীর বড় কোনো বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারতেন। কিন্তু তিনি তা না করে, তার বাসার কাছের সাধারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেছেন। এমন এমপিই তো আমাদের দরকার! তিনি সাধারণ মানুষের মধ্যে যে জায়গা করে নিয়েছেন, সেটি সত্যিই প্রশংসনীয়। আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিক।

এনামুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ–২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খানকে পরাজিত করেন।

Comments (০)
Add Comment