হেলথ ইনফো ডেস্ক :
রাজধানীর চানখারপুল এলাকায় একাধিক অনিয়মের দায়ে একটি বেসরকারি হাসপাতাল, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (২৫ মার্চ) সকালে অধিদপ্তরের একটি দল অভিযান চালায়। অভিযানে আহমদ স্পেশালাইজড হাসপাতাল, অ্যাক্টিভ ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন অনিয়ম শনাক্ত করা হয়। পরে প্রতিষ্ঠানগুলোর সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে দেখা যায়, আহমদ স্পেশালাইজড হাসপাতালের জেনারেটর ও অক্সিজেন সিলিন্ডার একই স্থানে রাখা ছিল, যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এ ছাড়া হাসপাতালে জরুরি বিভাগ ও পোস্ট-অপারেটিভ রুম পায়নি অভিযান পরিচালনাকারী দল।
অন্যদিকে, অ্যাক্টিভ ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকা এবং রক্ত সঞ্চালনের জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার অভিযোগ আনা হয়েছে।
জানা গেছে, এসব অনিয়মের কারণে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।